গদখালীতে পাঁচ কোটি টাকার ফুল বিক্রি
পয়লা ফালুন্ন বা বসন্ত উত্সব ও ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছার গদখালী পাইকারি ফুলের বাজারে গত পাঁচ দিনে পাঁচ কোটি ১৫ লাখ টাকার ফুল বেচাকেনা হয়েছে বলে জানা গেছে।গদখালী ফুলচাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম প্রথম আলোকে জানান, এখানকার ৪০ শতাংশ ঢাকা ও চট্টগ্রাম এবং ৬০ শতাংশ ফুল দেশের বিভিন্ন অঞ্চলের ছোট-বড় বাজারে সরবরাহ হয়। পাইকারি দামে চালানের মাধ্যমে পাঠানো হয় এ ফুল। সেই হিসাব অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিনে পাঁচ কোটি ১৫ লাখ টাকার ফুল কেনাবেচা হয়েছে।কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর যশোর জেলায় ৫৬০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুলের আবাদ হয়েছে। জেলার মোট আট হাজার ৫২০ জন কৃষক ফুল চাষের সঙ্গে সম্পৃক্ত।অন্যদিকে কৃষি বিভাগের পরিসংখ্যানের সঙ্গে কিছুটা দ্বিমত করে গদখালী ফুলচাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বলেন, এবার এক হাজার ৫০০ থেকে ৬০০ হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে।সরেজমিনে গদখালী বাজারে গিয়ে দেখা গেছে, কাকডাকা ভোরেই গোলাপ, গাদা জারবেরা, রজনীগন্ধা আর গ্লাডিওলাস ফুলের স্তূপ সাজানো শুরু হয়। একই সময়ে সেখানে জড়ো হতে শুরু করেন ফুলের ব্যাপারীরা। মুহূর্তের মধ্যেই ফুল কেনাবেচা হয়ে যায়, যা বাসের ছাদ, ট্রাক কিংবা ট্রলিতে থরে থরে সাজিয়ে পাঠানো হয় বিভিন্ন গন্তব্যে। এভাবে গত কয়েক দিনে সকাল নয়টার মধ্যেই ফুলের বাজার ফাঁকা হয়ে যেতে দেখা গেছে।ফুলচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে জানা যায়, বাঙালির বসন্তবরণ উত্সব ও বিশ্ব ভালোবাসা দিবস সামনে রেখে প্রতিবছরই তাঁদের আগাম প্রস্তুতি থাকে। এ অঞ্চলের ফুল চাষের পথিকৃত্ শের আলী প্রথম আলোকে জানান, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ শুরু হতে না হতেই চাষিদের দম ফেলার সময় থাকে না। কে আগে মাঠ থেকে ফুল তুলে বাজারে আনবেন—এমন প্রতিযোগিতা শুরু হয় তাঁদের মধ্যে।যশোর শহর থেকে ২০ কিলোমিটার পশ্চিমে যশোর-বেনাপোল সড়কে গদখালী বাজারের অবস্থান। যেখানকার চাষিরা দেশে ফুলের চাহিদার একটি বড় অংশের জোগান দেন।গতকাল বৃহস্পতিবার এখানে প্রতিটি গোলাপ পাঁচ থেকে সাত টাকা, রজনীগন্ধার ডাঁটা চার থেকে সাড়ে চার টাকা, গ্লাডিওলাস রংভেদে পাঁচ থেকে ১০ টাকা আর জারবেরা ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হয়েছে। এ ছাড়া প্রতি হাজার গাঁদা ফুল ২৫০ থেকে ৩০০ টাকা দরে বেচাকেনা হয়েছে।গদখালী বাজারের ফুল ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, সব সময়ই গদখালীর ফুলের বাজার চাঙা থাকলেও পয়লা ফাল্গন ও বিশ্ব ভালোবাসা দিবসের মতো বিশেষ বিশেষ দিবসে বেচাকেনা কয়েকগুণ বেড়ে যায়। এ সময় দামও ভালো পাওয়া যায়। গত এক সপ্তাহে তিনি পাঁচ লাখ টাকার ফুল বিক্রি করেছেন বলে জানান। অন্য অনেকের সঙ্গে আলাপ করেও একই ধারণা পাওয়া গেছে।