গদখালীর ফুলের বাজারে এখন ক্রেতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে সাধারণত সকাল নয়টার মধ্যে কেনাবেচা শেষ হয়ে যায়। সকাল সোয়া নয়টায় সেখানে গিয়ে দেখা যায়, জনা বিশেক ফুলচাষি গাঁদা ফুলের ডালি নিয়ে বসে আছেন, কিন্তু কোনো ক্রেতা নেই।
সাড়ে নয়টার দিকে একজন ক্রেতা এলেন। কৃষকেরা দৌড়ে গিয়ে তাঁকে ঘিরে ধরলেন। তখন তিনি কৃষক ওয়াহেদ আলীর কাছ থেকে ৬৫০ টাকায় ১০ হাজার গাঁদা কিনলেন। ফুল বিক্রি হলেও মন ভার হয়ে আছে কৃষকের। এটি গত বুধবার সকালের ঘটনা।
আলাপকালে ওয়াহেদ আলী প্রথম আলোকে বলেন, চারা রোপণ, শ্রমিকের মজুরি, কীটনাশক, খেত থেকে ভ্যানে করে বাজারে নেওয়ার ভাড়া, আড়তদারের কমিশন—সব মিলিয়ে প্রতি হাজার ফুলে এক হাজার টাকা খরচ পড়েছে।
হিসাব করে দেখা যায়, ১০ হাজার ফুলে ওয়াহেদের লোকসান হয়েছে ৩৫০ টাকা।
কৃষকেরাও জানান, সর্বশেষ হরতাল শুরুর আগের দিন (শনিবার) প্রতি হাজার গাঁদা ফুল বিক্রি হয়েছে ১৫০ থেকে ২০০ টাকা দরে। হরতাল চলতে থাকায় ব্যাপারীরা আসতে পারেননি। তাই দিন দিন দাম কমছে, আর তাঁদের লোকসানও বাড়ছে।
গদখালীতে ফুলের দাম কমে এখন প্রতিটি গোলাপ দুই থেকে আড়াই টাকা, রজনীগন্ধা দেড় থেকে দুই টাকা, গ্লাডিওলাস তিন থেকে সাত টাকা, জারবেরা আট থেকে ১০ টাকা দরে বেচাকেনা হচ্ছে।
গদখালী ফুলচাষি ও ব্যবসায়ীকল্যাণ সমিতির সভাপতি আবদুর রহিম প্রথম আলোকে বলেন, অবরোধের আগে প্রতিদিন গদখালী বাজারে ১০ থেকে ১২ লাখ টাকার ফুল বেচাকেনা হতো। এখন তা কমে দেড় থেকে দুই লাখ টাকায় নেমে এসেছে।
জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোরের উপ-পরিচালক নিত্যরঞ্জন বিশ্বাস বলেন, ‘পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটায় ফুল সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। এতে কৃষকেরা ফুলের ন্যায্য দাম পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।’