গবাদিপশু পালনে অবদান ১০ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশে এখন ২ কোটি ৮৬ লাখ গরু আছে। আর ছাগলের সংখ্যাও নেহাত কম নয়; ১ কোটি ৯৪ লাখ ছাগল আছে। আর ভেড়া ১৫ লাখ ও মহিষ সোয়া ৬ লাখ।
এ হিসাব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)। গরু, মহিষ, ছাগল, ভেড়া পালনকারী গৃহস্থেরা কিন্তু অর্থনীতিতে অবদান রেখে চলেছেন। ২০১৩-১৪ অর্থবছরে এই প্রাণীগুলো লালন-পালন করতে গিয়ে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৯ হাজার ৮৯০ টাকার মূল্য সংযোজন করেছেন গৃহস্থেরা। এসব পশুর খাবার জোগাড় থেকে শুরু করে গোয়ালঘর তৈরি করতে গিয়ে গৃহস্থকে পদে পদে খরচ করতে হয়েছে। এতে লাভ হয়েছে অর্থনীতির। গরু, ছাগল, ভেড়া, মহিষ লালন-পালনে ওই বছরের (২০১৩-১৪) স্থূল স্থির মূলধনের পরিমাণ ১০ হাজার ৭৭৩ কোটি টাকা। মোটাদাগে বলা যায়, এসব প্রাণী লালন-পালনে সমপরিমাণ অর্থ বিনিয়োগ বা খরচ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিবিএসের জাতীয় হিসাব শাখা ‘বেসরকারিভাবে চাষকৃত জৈবিক সম্পদ জরিপ, ২০১৪’ প্রকাশ করেছে। সেই জরিপের ফলাফলে এ চিত্র উঠে এসেছে। ব্যক্তি ও খামার পর্যায়ে কী পরিমাণ গরু-ছাগল, মহিষ-ভেড়া পালন করা হয়, অর্থনীতিকে কী অবদান রাখছে—এসব বিষয়ই এ জরিপে এসেছে। তবে এ হিসাবে সরকারি তত্ত্বাবধানে গরু-ছাগল পালনের চিত্র আসেনি। আর সরকারি পর্যায়ে শুধু এসব প্রাণী মোটাতাজাকরণের প্রকল্প পরিচালিত হয়।
এত দিন গরু-ছাগল পালনের মতো জৈবিক সম্পদের প্রকৃত অবদান জিডিপির গণনায় আসেনি। বর্তমানে এ খাতের অনুমানভিত্তিক হিসাবই জিডিপিতে প্রতিফলিত হয়। জরিপ থেকে প্রাপ্ত ফলাফলকে ভিত্তি ধরে আগামী অর্থবছর থেকে এসব জৈবিক সম্পদ থেকে মূল্য সংযোজনের হিসাব জিডিপিতে অন্তর্ভুক্ত করা হবে বলে বিবিএস সূত্রে জানা গেছে।
ফলাফল: জরিপের ফল অনুযায়ী, দেশে এখন ব্যক্তিমালিকানায় ২ কোটি ৮১ লাখ ৯০ হাজার গরু পালন করা হয়। ২০১৩-১৪ অর্থবছরে এসব গরু লালন-পালনে ৯ হাজার ৪২৫ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এতে ওই বছর ৮ হাজার ৩২৩ কোটি টাকা মূল্য সংযোজন হয়েছে। আর খামার পর্যায়ে ৪ লাখ ১০ হাজার ৭৯৯ গরু রয়েছে। খামারে গরু পালন থেকে ওই বছর মূল্য সংযোজনের পরিমাণ ২৪৮ কোটি টাকা।
ঢাকা বিভাগের মানুষ সবচেয়ে বেশি গরু পালন করে। ঢাকা বিভাগে মোট ৭৩ লাখ ৩৬ হাজার গরু রয়েছে। আর সবচেয়ে কম ১৬ লাখ ৬২ হাজার গরু সিলেটে।
ছাগল লালন-পালনকারীরা গত অর্থবছরে অর্থনীতিতে ১ হাজার ২৫৬ কোটি টাকা মূল্য সংযোজন করেন। এ জন্য ৭৩৪ কোটি টাকা বিনিয়োগ করেন তাঁরা। আর দেশে মোট ১ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার ছাগল রয়েছে।
অন্যদিকে মহিষ আছে ব্যক্তিমালিকানা ও খামার পর্যায়ে ৬ লাখ ২৩ হাজার। খামার পর্যায়ে ৭১ হাজার ৩৮৩টি মহিষ আছে। গত অর্থবছরে মহিষ পালন বাবদ মোট ২৩৫ কোটি টাকা অর্থনীতিতে যুক্ত হয়েছে।
আর দেশের ভেড়ার সংখ্যা ১৫ লাখ ৪ হাজার ৮১১টি। আর জিডিপিতে মূল্য সংযোজন হয়েছে ৭৫ কোটি টাকা।
ব্যক্তিমালিকানায় পরিচালিত চা ও রাবার বাগান থেকে অর্থনীতিতে কত টাকা মূল্য সংযোজন হয়, সেই হিসাবও করা হয়েছে বিবিএসের এই জরিপে। গত অর্থবছরে চা-বাগান থেকে ৯ কোটি ৭ লাখ টাকা মূল্য সংযোজন হয়েছে। আর রাবার বাগান থেকে যুক্ত হয়েছে প্রায় ২ কোটি টাকা।
গরু, ছাগল, ভেড়া, মহিষ এবং চা, রাবার বাগান থেকে সব মিলিয়ে অবদান জিডিপির দশমিক ৮১ শতাংশ। এ হিসাব মাংস উৎপাদন এবং কাঠ বিক্রির টাকা বাদ দিয়ে করা হয়েছে।
আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এই জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা বলেন, বিবিএস ত্রৈমাসিক ভিত্তিতে জিডিপি প্রবৃদ্ধির চিত্র প্রকাশ করতে চায়। এ জন্য প্রয়োজনীয় তথ্য যাতে নিয়মিত পাওয়া যায়, সে প্রচেষ্টা বিবিএস চালিয়ে যাচ্ছে। এই জরিপ জিডিপির প্রকৃত চিত্র প্রকাশে সহায়তা করবে।
বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব সফিকুল ইসলাম, এম এ মান্নান হাওলাদার, পরিসংখ্যান ব্যুরোর উপমহাপরিচালক বাইতুল আমীন ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।