মোবাইল অপারেটর রবি ও এয়ারটেল একীভূত হলে তার আর্থসামাজিক প্রভাব কী হবে, তা নিয়ে দুই মাসের মধ্যে বাজার সমীক্ষা শেষ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) দুই অধ্যাপককে দিয়ে কাজটি করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
বিটিআরসির সর্বশেষ কমিশন বৈঠকে সিদ্ধান্তটি নেওয়া হয়। সে অনুযায়ী এআইইউবির প্রকৌশল অনুষদের ডিন এ বি এম সিদ্দিক একীভূতকরণের কারিগরি বিষয়ে গবেষণা করবেন। আর আর্থসামাজিকসহ অন্যান্য বিষয় নিয়ে গবেষণা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের অধ্যাপক এস এম মাহফুজুর রহমান।
বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, শর্ত অনুযায়ী আট সপ্তাহ বা দুই মাসের মধ্যে গবেষণার কাজটি শেষ করতে হবে। খুব শিগগির দুই অধ্যাপককে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার প্রস্তাব দেওয়া হবে।
জানতে চাইলে অধ্যাপক এস এম মাহফুজুর রহমান গতকাল সোমবার বলেন, ‘গবেষণার জন্য বিটিআরসির দিক থেকে আমি প্রাথমিক প্রস্তাব পেয়েছি। এরপরই কাজটি করার জন্য আমি আমার মতো প্রস্তুতি নিয়ে রেখেছি। এখন বিটিআরসির চূড়ান্ত প্রস্তাবের অপেক্ষায় আছি।’
মূলত আটটি বিষয় সামনে রেখে এ গবেষণা পরিচালনা করা হবে। এগুলো হলো একীভূত হওয়ার আর্থসামাজিক প্রভাব বিশ্লেষণ; কমিশনের তরঙ্গ নিলাম পথনকশা ও রাজস্ব আয়ের ওপর প্রভাব; বিদ্যমান বিভিন্ন লাইসেন্স, নেটওয়ার্ক, নাম্বারিং, সেবা ইত্যাদির ওপর প্রভাব; দুই কোম্পানির চাকরি সংকোচন বা সম্প্রসারণের সম্ভাবনা; বাজার প্রতিযোগিতায় প্রভাব ও প্রতিক্রিয়া; গ্রাহকসেবা ও ভোক্তা অধিকার সুরক্ষা বিশ্লেষণ, একীভূত হওয়ার আগে ও পরে প্রতিষ্ঠান দুটির শেয়ারকাঠামো ও মূলধন বিশ্লেষণ এবং এ-সম্পর্কিত অন্যান্য বিষয়ের প্রভাব বিশ্লেষণ।
গবেষণার সিদ্ধান্তের পাশাপাশি সর্বশেষ কমিশন বৈঠকে রবি-এয়ারটেলের একীভূত হওয়ার বিষয়ে পাবলিক হিয়ারিং বা গণশুনানি করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ ছাড়া বাজারে থাকা অন্য চারটি মোবাইল অপারেটরের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের মতামত নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
ব্যবসায়িক কার্যক্রম একীভূত করার জন্য গত বছরের সেপ্টেম্বরে বিটিআরসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করে রবি ও এয়ারটেল। গ্রাহকসংখ্যার দিক থেকে বর্তমানে তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাকা রবি ও এয়ারটেল এক হলে গ্রামীণফোনের পরে এটিই হবে দেশের দ্বিতীয় বৃহৎ মোবাইল অপারেটর। গ্রাহকসংখ্যার হিসাবে বর্তমানে দ্বিতীয় স্থানে আছে বাংলালিংক।
এদিকে গ্রামীণফোন ও বাংলালিংক ইতিমধ্যে রবি-এয়ারটেলের একীভূত হওয়ার বিষয়ে তাদের মতামত জানিয়ে বিটিআরসিকে আলাদাভাবে চিঠি দিয়েছে। গ্রামীণফোনের চিঠিতে বলা হয়েছে, রবি-এয়ারটেল একীভূত হলে টুজি ব্যান্ডে তাদের সম্মিলিত তরঙ্গ ২০ মেগাহার্টজের বেশি হবে। টুজি ব্যান্ডে ২০ মেগাহার্টজের বেশি তরঙ্গ থাকায় ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের প্রাথমিক তরঙ্গ নিলামে অংশ নেওয়ার ক্ষেত্রে গ্রামীণফোনের ওপর যে বিধিনিষেধ ছিল, সেটি আগের মতোই বহাল থাকবে কি না, তা পরিষ্কার করার অনুরোধ জানিয়েছে অপারেটরটি।
একই বিষয়ে বাংলালিংকের চিঠিতে বলা হয়েছে, রবি-এয়ারটেল একীভূত হলে তাদের সম্মিলিত তরঙ্গের তুলনায় বাংলালিংকের তরঙ্গ হবে অর্ধেক, যা মোবাইল অপারেটরদের মধ্যে অসম প্রতিযোগিতা তৈরি করবে।
রবি-এয়ারটেল একীভূত হলে টুজি ও থ্রিজি মিলিয়ে তাদের সম্মিলিত তরঙ্গ হবে ৩৯ দশমিক ৮০ মেগাহার্টজ, যা হবে সব মোবাইল অপারেটরদের মধ্যে সর্বোচ্চ। বর্তমানে গ্রামীণফোনের কাছে সর্বোচ্চ ৩২ ও বাংলালিংকের ২০ মেগাহার্টজ তরঙ্গ আছে।