সংস্থাটি এ বছর ৩০টি গবেষণা করবে, বরাদ্দ প্রায় ৮ গুণ বাড়ল
গবেষণার জন্য বিআইডিএস ১৫ কোটি টাকা পাচ্ছে
চলতি ২০১৫-১৬ অর্থবছরে ৩০টি গবেষণা পরিচালনা করবে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। এ জন্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে প্রতিষ্ঠানটিকে মোট ১৫ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ দেবে সরকার।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল বৃহস্পতিবার বিআইডিএসের ৯৭তম বোর্ড অব ট্রাস্টিজের বৈঠকে এ ঘোষণা দেন। মন্ত্রী প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এর আগের অর্থবছরগুলোতে গবেষণা খাতে বিআইডিএসকে গড়ে ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতো। এ বছর তা বাড়িয়ে ১৫ কোটি ২৬ লাখ টাকা করা হলো।’
মুস্তফা কামাল বলেন, ‘অর্থনৈতিক চাহিদার সঙ্গে মিল রেখে গবেষণার বিষয়বস্তু ঠিক করতে হবে। গবেষণার মাধ্যমে আমাদের সক্ষমতার ক্ষেত্রগুলো কোথায়, তা জানতে হবে।’
পরিকল্পনামন্ত্রী এ সময় উদাহরণ দিয়ে বলেন, ‘পৃথিবীব্যাপী বছরে ৮৮ ট্রিলিয়ন ডলারের (এক লাখ কোটিতে এক ট্রিলিয়ন) বাণিজ্য হয়। অথচ আমরা এর বিস্তারিত জানি না। তা হলে আমরা কীভাবে বুঝব আমাদের সক্ষমতা কোথায়?’
বিআইডিএসের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান গবেষণা বরাদ্দ বাড়ানোকে ইতিবাচক আখ্যা দিয়ে বলেন, ‘এর মধ্য দিয়ে বিআইডিএসকে গবেষণা ক্ষেত্রে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে তৈরি করার প্রক্রিয়া শুরু হলো। দেশি-বিদেশি সব ধরনের গবেষকদের সঙ্গে নিয়েই বিআইডিএসের এগিয়ে যেতে হবে। তবেই দ্রুতগতিতে দেশের আর্থসামাজিক অগ্রগতি হবে।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ‘বিআইডিএসকে এভাবে এগিয়ে নিয়ে আসার প্রক্রিয়ায় প্রকৃত অর্থে আপামর জনসাধারণ উপকৃত হওয়ার সুযোগ পেল।’
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘গবেষণা ব্যয় বাড়ানোর ফলে আশা করছি বিআইডিএস এখন আরও গুণগত মানের গবেষণা সম্পন্ন করতে পারবে।’
সভায় আরও জানানো হয়, বিআইডিএস এ বছরের নভেম্বর থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ ও ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে এক বছরমেয়াদি মাস্টার্স বা স্নাতকোত্তর কোর্স চালু করতে যাচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুরশিদ, সরকারের পরিকল্পনাসচিব শফিকুল আজম, শিক্ষাসচিব নজরুল ইসলাম প্রমুখ।