গবেষণার জন্য বুয়েটের সঙ্গে চুক্তি করবে শিল্প মন্ত্রণালয়
ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে গবেষণা কার্যক্রম জোরদার করতে শিল্প মন্ত্রণালয় শিগগিরই বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করবে।এর আওতায় বুয়েটের শিক্ষার্থীদের উদ্ভাবিত নতুন প্রযুক্তি ও যন্ত্রপাতি দেশীয় শিল্পোদ্যোক্তাদের মধ্যে বিপণন করা হবে। আর সেখান থেকে পাওয়া পারিতোষিকের বা রয়্যালটির অর্থ শিক্ষার্থীদের গবেষণার জন্য দেওয়া হবে। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার ‘এমএসই ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা-২০১২’-এর বিজয়ীদের পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এমএসই ফাউন্ডেশন এ অনুষ্ঠান আয়োজন করে। শিল্পমন্ত্রী এ ফাউন্ডেশনের চেয়ারম্যান।এমএসই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ এবং মেট্রো চেম্বারের (এমসিসিআই) সাবেক সভাপতি এম আনিস উদ দৌলা।এবারের প্রতিযোগিতায় বুয়েটের শিক্ষার্থী সামিয়া শরিফ এবং মাহমুদুল ইসলামের ধানের তুষের ছাই থেকে সোডিয়াম সিলিকেট তৈরির ব্যবসায় পরিকল্পনা প্রথম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. ইব্রাহিম খলিল চৌধুরীর নেতৃত্বে চার সদস্যের একটি দলের কলাগাছের ছাল থেকে সুতা উৎপাদনের পরিকল্পনা দ্বিতীয় এবং একই বিশ্ববিদ্যালয়ের রিশাদ আহমেদের নেতৃত্বে তিন সদস্যের দলের বাঁশপাতা ও ধানের তুষ থেকে কাগজের বোতল উৎপাদনের পরিকল্পনা তৃতীয় স্থান অর্জন করে। শিল্পমন্ত্রী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলকে পাঁচ লাখ, চার লাখ ও তিন লাখ টাকার চেক এবং ক্রেস্ট তুলে দেন।দিলীপ বড়ুয়া বলেন, প্রতিযোগিতায় বিজয়ী তরুণ ব্যবসায় পরিকল্পনাকারীদের প্রকল্প বাস্তবায়নের জন্য এক অঙ্কের সুদে ঋণ পেতে এসএমই ফাউন্ডেশন থেকে সহায়তা দেওয়া হবে।আয়োজকেরা জানান, এ বছর ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতার জন্য সারা দেশের নবীন উদ্যোক্তাদের কাছ থেকে ৪৭৫টি আবেদন জমা পড়ে। সেখান থেকেই বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে।