গভর্নর দায় এড়াতে পারেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় সরকার ও সরকারি দলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মন্ত্রিসভার অন্তত দুজন সদস্য প্রকাশ্যে গভর্নরের সমালোচনা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রোববার দলের এক বৈঠকে এ ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলার পরদিন গতকাল সোমবার গভর্নর আতিউর রহমানের অপসারণ দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন। আওয়ামী লীগের আরও কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, আতিউর রহমান এ ঘটনার দায় এড়াতে পারেন না। অর্থমন্ত্রী গতকালও মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর কাছে এ ঘটনার উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন।
অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান বিবিসিকে বলেছেন, এই অর্থ কেলেঙ্কারি নিয়ে গতকালের মন্ত্রিসভার বৈঠকে কথা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আইন ও বিধি অনুযায়ী’ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এ রকম চুরির ঘটনা ঘটতেই পারে। কিন্তু ঘটনার কথা কেউ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে কি না, তা নিয়ে সন্দেহ কাজ করছে।
সরকার ও আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা জানিয়েছেন, এ ঘটনার তদন্ত ও দোষী ব্যক্তিদের শাস্তির বিষয়টি এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। কারণ, সরকার মনে করে এ ঘটনা তাদের অনেক অর্জন ম্লান করে দিয়েছে। তবে এ নিয়ে নেতারা বক্তৃতা-বিবৃতি অব্যাহত রাখুন, সেটাও চান না প্রধানমন্ত্রী।
গতকাল বিকেলে গণভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের মনোনয়ন বোর্ডের এক বৈঠকে প্রধানমন্ত্রী এই মনোভাবের কথা নেতাদের জানিয়েছেন বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত একাধিক নেতা প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী চান, অর্থমন্ত্রী ও গভর্নর মিলে অর্থ উদ্ধারের চেষ্টা ও তদন্তকাজ চালিয়ে যাবেন।
আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, রোববার অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রী গণভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী বাছাইয়ের মনোনয়ন বোর্ডের সভা করেন। সেখানে প্রধানমন্ত্রী বলেন, তিনি নিজেও ঘটনাটি দেরিতে জেনেছেন। কেন এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। প্রধানমন্ত্রী আরও বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে। সারা পৃথিবী প্রশংসা করছে। কিন্তু বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে সরাসরি কার্গো বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা ও বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির বিষয়টি অনেক অর্জন ম্লান করে দিচ্ছে।
নূহ-উল-আলম লেনিন গতকাল তাঁর ফেসবুক পাতায় এ বিষয়ে লেখেন, কোনো দলীয় অবস্থান থেকে নয়, একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সর্বোচ্চ জাতীয় স্বার্থে জেনেবুঝে তিনি গভর্নরের অপসারণ দাবি করছেন। গতকাল রাতে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, তাঁর এই বক্তব্য বহাল আছে।
আওয়ামী লীগের একটি সূত্র জানায়, লেনিন আতিউর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করে প্রধানমন্ত্রীর কাছে চিঠিও পাঠিয়েছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, অর্থ খোয়া যাওয়ার বিষয়টি খুবই বিব্রতকর। এটা শুধু অর্থের বিষয় নয়, দেশের ভাবমূর্তিরও বিষয়। প্রধানমন্ত্রী সার্বিক বিষয়ে ওয়াকিবহাল এবং সুরাহা করার বিষয়ে কাজ করছেন। তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে সরকার।
লেনিনের ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটা দলের নয়, সরকারের বিষয়। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছেন। লেনিনের ব্যক্তিগত মত থাকতে পারে।
লেনিন তাঁর ফেসবুক পাতায় লেখেন, আতিউর রহমান ব্যাংকের স্বার্থের চেয়ে নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিলেন। অভিযোগ রয়েছে, আতিউর দেশ-বিদেশের বিভিন্ন পুরস্কার ও পদক সংগ্রহের জন্য গভর্নর পদের অবৈধ প্রভাব খাটিয়ে এবং বাংলাদেশ ব্যাংক অথবা বেসরকারি ব্যাংকের অর্থ ব্যয় করেছেন। তদন্ত করে এর সত্যতা প্রমাণিত হলে তাঁকে উপযুক্ত শাস্তি দিতে হবে।