গভর্নরের কাছে দাবি নিয়ে ব্যাংক উদ্যোক্তারা
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নেতারা। বাংলাদেশ ব্যাংকে গতকাল রোববার অনুষ্ঠিত এ সাক্ষাতে বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে সংগঠনটির নেতারা গভর্নরের বিভিন্ন দাবিও তুলে ধরেন। তবে গভর্নর তাৎক্ষণিক কোনো আশ্বাস দেননি বলে জানা গেছে।
সভা সূত্রে জানা গেছে, বিএবি ঢাকার বাইরেও ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা আয়োজনের অনুমতি চেয়েছে। শহরে একটি শাখা খুললে গ্রামেও শাখা খোলা এবং মূলধনের ৩০ শতাংশের বেশি স্থায়ী সম্পদ হতে পারবে না, এ দুটি নিয়ম শিথিল করার দাবি জানানো হয়।
সাক্ষাৎ অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল, ব্যাংক এশিয়ার চেয়ারম্যান এ রউফ চৌধুরীসহ প্রায় ৩৫ ব্যাংকের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান, নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
বিএবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আইনে নেই, কিন্তু বাংলাদেশ ব্যাংক নীতিমালায় এনেছে এমন কিছু বিষয়ে আমরা ছাড় চেয়েছি।’