গভর্নরের সঙ্গে কাল সৈয়দপুরের পোশাকশিল্প মালিকদের বৈঠক
সৈয়দপুরের পোশাক শিল্পমালিকদের সঙ্গে কথা বলতে আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। সে অনুযায়ী সৈয়দপুরের রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির চার সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল সোমবার ঢাকায় গভর্নরের সঙ্গে দেখা করবেন। সৈয়দপুরের রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বলেন, ‘আমরা দীর্ঘ দিন ধরে ভারত, নেপাল ও ভুটানে তৈরি পোশাক রপ্তানি করে আসলেও এই ক্ষুদ্র শিল্পের বিকাশে ব্যাংক খাত থেকে কোনো প্রকার সহযোগিতা পাচ্ছিলাম না। গত ২৪ জুলাই দৈনিক প্রথম আলোতে সৈয়দপুরে গার্মেন্টস শিল্পের সম্ভাবনা নিয়ে ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জয়যাত্রা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে বেসিক ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপক একরামুল বারী ক্ষুদ্র গার্মেন্টস মালিকদের তাঁর কার্যালয়ে ডাকেন। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরাসরি সৈয়দপুরের পোশাক শিল্পের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলতে চান। তখনই শাখা ব্যবস্থাপক গভর্নরের সঙ্গে টেলিফোনে উদ্যোক্তাদের কথা বলার সুযোগ করে দেন। সৈয়দপুরের রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আখতার হোসেন খান বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের সঙ্গে কথা বলতে আগ্রহী হওয়ায় আমরা অবাকই হয়েছি!নীলফামারী চেম্বার অব কমার্সের ঊর্ধ্বতন সহসভাপতি মো. ইমতিয়াজ জানান, সৈয়দপুরের গার্মেন্টস শিল্পকে বিকশিত করতে আর কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে কথা বলতে চান বাংলাদেশ ব্যাংকের গভর্নর।