গভর্নরের সঙ্গে দেখা করলেন নতুন চেয়ারম্যান ও এমডি

বেসরকারি খাতের সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা ও ব্যবস্থাপনায় পরিবর্তনের পর ব্যাংকটিতে অস্থিরতা বিরাজ করছে। আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয় দিলকুশা শাখাসহ কয়েকটি শাখা ঘুরে দেখা গেছে তেমন কার্যক্রম চলছে না। লোকবল নেই।
অনেক উৎসুক গ্রাহক পরিস্থিতি বুঝতে ব্যাংকে ভিড় করেছেন। তবে ব্যাংক কর্মকর্তারাও কোনো কিছু জানাতে পারছেন না। তারাও ভয়ের মধ্যে সময় পার করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা দুশ্চিন্তার মধ্যে আছেন। নতুন চেয়ারম্যান ও এমডি কী সিদ্ধান্ত দেবেন, সেটির অপেক্ষায় আছেন তারা।
সকালে ব্যাংকটির নতুন চেয়ারম্যান আনোয়ারুল আজিম আরিফ ও নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ওসমান আলী প্রধান কার্যালয়ে যোগ দিয়েছেন। তারা বেলা ১টার দিকে প্রধান কার্যালয় থেকে বের হন। বেলা দেড়টার পর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আরাস্তু খানসহ বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে গিয়ে গভর্নর ফজলে কবিরের সঙ্গে দেখা করেন। তাঁরা ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানের সঙ্গেও বৈঠক করেন। পরে একত্রে বেলা আড়াইটার দিকে বাংলাদেশ ব্যাংক ছেড়ে যান। তবে এ সময়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম তাঁদের সঙ্গে না থাকলেও তাঁর দুই সহযোগী সব সময় ছিলেন।
পরে আরাস্তু খান সাংবাদিকদের বলেন, কেবল সৌজন্য সাক্ষাতের জন্য আমরা এসেছি। এসআইবিএলের নতুন চেয়ারম্যান ও এমডি আমার সঙ্গে ছিলেন।
এসআইবিএল পরিচালনা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তন হয়েছে। ব্যাংকটির চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) হঠাৎ পদত্যাগ করতে হয়েছে। গতকাল সোমবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্যে এক সভায় এসব সিদ্ধান্ত হয়। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। নতুন এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত এমডি কাজী ওসমান আলীকে। এ ছাড়া নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলাল আহমেদ। তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের জামাতা।