গভীর মন্দার মুখে স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের অর্থনীতিতে সংকট ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এই বলে সতর্ক করে দিয়েছে যে, স্পেন এখন দ্বিতীয় দফা গভীর মন্দার মধ্যে পড়েছে। দেশটির আগামী দিনগুলো খুব কঠিন হবে বলেও মনে করছে আইএমএফ।স্পেনের বেকারত্বের হার চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ২৪ দশমিক ৬৩ শতাংশ দাঁড়িয়েছে। তার মানে, দেশটির ৫৭ লাখ লোক এখন বেকার। বেকারত্বের এই হার ১৯৭০ সালের পর সর্বোচ্চ।আইএমএফ বলছে, এ বছর স্পেনের অর্থনীতি ১ দশমিক ৭০ শতাংশ হারে সংকুচিত হবে। আর আগামী বছর এই সংকোচনের হার হবে ১ দশমিক ২০ শতাংশ। তবে ২০১৪ সালে দেশটির অর্থনীতির প্রবৃদ্ধি হতে পারে দশমিক ৯০ শতাংশ।অন্যদিকে গত সপ্তাহে বিশ্ববাজারে স্প্যানিশ বন্ডের সুদের হার ৭ শতাংশের ওপরে চলে গিয়েছিল। তবে গত শুক্রবার তা নেমে এসেছে ৬ দশমিক ৭০ শতাংশে।তবে শুক্রবারই জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও ফরাসি প্রেসিডেন্ট হলান্দে এক যৌথ বিবৃতিতে বলেছেন, ইউরোপের অভিন্ন মুদ্রা ইউরোকে রক্ষা করতে তাঁরা একযোগে কাজ করতে প্রস্তুত। এর পরই স্পেনের শেয়ারবাজারে বড় ধরনের উল্লম্ফন ঘটে।গ্রিস থেকে শুরু হওয়া আর্থিক সংকট স্পেন ও পর্তুগালেও ব্যাপকভাবে বিস্তৃত হওয়ার পর থেকে গোটা ইউরোপের অর্থনীতি ধুঁকছে তিন বছরের বেশি সময় ধরে। নানা ধরনের কৃচ্ছ্রতামূলক পদক্ষেপ নিয়েও সরকারগুলো কোনোভাবেই অর্থনীতির সংকট কাটাতে পারছে না। এর ফলে অভিন্ন মুদ্রা ইউরোর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।