গভীর রাতের জন্য অপেক্ষা সবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজ কোম্পানি ও কনটেইনারের মালিকপক্ষের প্রতিনিধি, রপ্তানিকারক ও বেসরকারি ডিপোর মালিক—সবার দৃষ্টি এখন গভীর রাতের দিকে। টানা ৩৬ ঘণ্টা হরতাল শুরু হওয়ার পর বেসরকারি ডিপোতে আটকে পড়া রপ্তানি পণ্যবাহী কনটেইনার বন্দরে পাঠানোর জন্য গভীর রাতকেই ঝুঁকিমুক্ত মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কারণ, গভীর রাতে পিকেটাররা রাস্তায় থাকে না। এ কারণে রপ্তানি পণ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন গভীর রাতের পণ্য পরিবহনের অপেক্ষায় আছেন।বন্দর সূত্রে জানা গেছে, হরতাল শুরুর পর গতকাল বুধবার সকাল আটটায় বন্দর চত্বরে রপ্তানি পণ্যবাহী ৫৭৫ একক কনটেইনার পড়ে ছিল। তবে এসব কনটেইনার দুপুরের মধ্যেই জাহাজে বোঝাই করা হয়েছে। গতকাল বিকেল পর্যন্ত পাওয়া হিসাবে ১৬টি বেসরকারি কনটেইনার ডিপোতে আটকে পড়ে ছিল দুই হাজার ২৩২ একক কনটেইনার। এসব কনটেইনার রাতে বন্দরে পাঠানো নিয়ে ব্যস্ত ডিপোর মালিক থেকে শুরু করে সংশ্লিষ্ট ব্যক্তিরা।জানতে চাইলে বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘রাতে জরুরি রপ্তানি পণ্য পরিবহনে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা দেওয়ার জন্য বন্দর সহযোগিতা করতে প্রস্তুত আছে। ব্যবহারকারীদের লিখিতভাবে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। যে কেউ চাইলে রপ্তানি পণ্য পরিবহনে নিরাপত্তা দেওয়ার বিষয়টি সমন্বয় করে দিচ্ছে বন্দর।’বন্দরের এমন আশ্বাস পেয়ে গভীর রাতের অপেক্ষায় আছেন রপ্তানিকারকেরাও। যদিও হরতালে রাতে পণ্য পরিবহনও পুরোপুরি ঝুঁকিমুক্ত বলে মনে করছেন না তাঁরা। জানতে চাইলে বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, রাতের মধ্যে পুলিশের সহায়তায় হয়তো কিছুসংখ্যক রপ্তানি পণ্যের কনটেইনার ডিপো থেকে বন্দরে পাঠানো সম্ভব হবে। কিন্তু এটিও পুরোপুরি নিরাপদ নয়। আবার ঢাকা ও আশপাশের এলাকা থেকে রপ্তানি পণ্য আসতে পারছে না বন্দর ও ডিপোতে।জানতে চাইলে ফিডার অপারেটর পেনিনসুলার শিপিং সার্ভিসেসের নির্বাহী পরিচালক আহসানুল হক চৌধুরী প্রথম আলোকে জানান, গভীর রাতে রপ্তানি পণ্যের কনটেইনার বন্দরে এনে জাহাজীকরণ করা সম্ভব হলে খুব বেশি সমস্যা হবে বলে মনে হচ্ছে না। তবে রাতে কী পরিমাণ কনটেইনার ডিপো থেকে আনা সম্ভব হয়, সেটার ওপর নির্ভর করছে জাহাজগুলো পর্যাপ্ত কনটেইনার বোঝাই করে বন্দর ছাড়তে পারবে কি না।জানা গেছে, চট্টগ্রাম বন্দরের আশপাশে ১০টি, কালুরঘাট শিল্প এলাকায় দুটি এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পাঁচটি বেসরকারি কনটেইনার ডিপো রয়েছে। এসব ডিপোর মধ্যে ১৬টিতে আটকে থাকা কনটেইনার রাতে বন্দরে পাঠানোর প্রক্রিয়া গুছিয়ে এনেছেন ডিপোর মালিকেরা।জানতে চাইলে বেসরকারি ডিপো মালিক সমিতির সচিব রুহুল আমিন সিকদার প্রথম আলোকে বলেন, ‘হরতালে বন্দরের আশপাশের এলাকায় রাতে পণ্য পরিবহনে ঝামেলা কম থাকে। এ কারণে কনটেইনারের মালিকপক্ষেরও রাতে ডিপো থেকে কনটেইনার বন্দরে পাঠানোর তাগিদ আছে। আশা করছি, রাতে রপ্তানি পণ্যের কনটেইনার বন্দরে পাঠানো সম্ভব হবে।’