গভীর সমুদ্রবন্দর নির্মাণে বিনিয়োগে আগ্রহী চীন
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, গভীর সমুদ্রবন্দর নির্মাণে বিনিয়োগ করতে চীন বিশেষ আগ্রহ দেখিয়েছে। আর এই বন্দর নির্মাণের পর ব্যবহার করতে দিলে প্রচুর রাজস্ব আয় হবে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে দেশের রাজনীতিতে স্থিতিশীলতা ও ভারসাম্য আসবে।চীন সফর শেষে গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয়ে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে দিলীপ বড়ুয়া এসব কথা বলেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সঙ্গী ছিলেন।প্রধানমন্ত্রীর সফরকে ফলপ্রসূ উল্লেখ করে দিলীপ বড়ুয়া বলেন, চীন সফরের ফলে দুটি দেশ কূটনৈতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে উপকৃত হবে।সফরকালে চীন সরকার বাংলাদেশের সব রপ্তানিপণ্য চীনের বাজারে শুল্কমুক্ত প্রবেশ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে বলেও মন্ত্রী জানান।দিলীপ বড়ুয়া বলেন, চীন সফরের প্রত্যক্ষ ফলাফল হলো, সিলেটের শাহজালাল সার কারখানায় চীন প্রায় পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী হয়েছে। অতি দ্রুত আনুষ্ঠানিকতা শেষ করে কারখানাটিতে উৎপাদন শুরু করা হবে।দিলীপ বড়ুয়া আরও বলেন, বাংলাদেশে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন চীনের ব্যবসায়ীরা। এই বন্দর নির্মাণ শেষে চীনকে ব্যবহার করতে দিলে দেশ প্রচুর রাজস্ব আয় করতে পারবে।তা ছাড়া চীনের কুনমিং রাজ্যের সঙ্গে মিয়ানমারের মধ্য দিয়ে প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দরের সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ স্থাপিত হলে দীর্ঘমেয়াদে বাংলাদেশ লাভবান হবে। এতে দেশের রাজস্ব আয় বাড়বে। অন্যদিকে পর্যটনশিল্পের প্রসার ঘটবে।চীনের উদ্যোক্তাদের জন্য আলাদা ইপিজেড নির্মাণ প্রসঙ্গে দিলীপ বড়ুয়া বলেন, দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিটির বৈঠকে বিষয়টি আলোচনা করা হবে। তারপর চীনের বিনিয়োগ কীভাবে হবে, তা নির্ধারণ করা হবে।আরেক প্রশ্নের জবাবে দিলীপ বড়ুয়া বলেন, ২০০২ সালে তত্কালীন প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছিলেন। কিন্তু কোনো ধরনের চুক্তি না করায় সফরটি কোনো সুফল বয়ে আনেনি।