গভীর সমুদ্রে বছরে খালাস ৪৮ লাখ ট্রাকের পণ্য
শুধু জলসীমাটুকু বন্দরের। আর কোনো অবকাঠামো নেই। যন্ত্রপাতি বা জনবল সবই বেসরকারি খাতের। পণ্য পরিবহনের জন্য আছে লাইটার জাহাজ। তা দিয়েই প্রতিদিন বড় জাহাজ থেকে খালাস হচ্ছে পৌনে দুই লাখ টন পণ্য। বছর শেষে সোয়া ছয় কোটি টন। প্রতিবছর বাড়ছে এই পরিসর। বন্দর জলসীমায় সাগরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাসের বিশাল কর্মযজ্ঞের সারসংক্ষেপ এটি।
বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস করে নদীপথেই নেওয়া হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। গত ২০২০-২১ অর্থবছরে সাগরে যত পণ্য খালাস হয়েছে, তা যদি জেটিতে নামানো হতো, তাহলে দরকার হতো ৬ চাকার ৪৮ লাখ ট্রাক। এ হিসাবে দিনে দরকার হতো ১৩ হাজার ট্রাক। এসব ট্রাকের পণ্য সারা দেশে নিতে হলে বেশির ভাগই যেতে হতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে। তাতে সড়কে পণ্যবাহী ট্রাকের চাপ বাড়ত। কিন্তু সাগরে পণ্য খালাস করে তার একটি বড় অংশ নদীপথে পরিবহনের কারণেই মহাসড়কে পণ্যবাহী ট্রাকের চাপ কম।
বিশ্বের নানা বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে আসা বড় বড় জাহাজ নোঙর করে সাগরে। কারণ, চট্টগ্রাম বন্দর জেটিতে বড় জাহাজ ভেড়ানোর মতো অবকাঠামোগত সুবিধা নেই। এ জন্য সাগরেই বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস করা হয়। বন্দরের তালিকাভুক্ত ৩২টি প্রতিষ্ঠান পণ্য খালাসের এ কাজ করছে। এসব প্রতিষ্ঠান শিপ হ্যান্ডলিং অপারেটর হিসেবে পরিচিত।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, বাংলাদেশে আমদানি পণ্য খালাসের বড় জায়গা বন্দরের বহির্নোঙর এলাকা। পরে বহির্নোঙর থেকে নদীপথে দেশের নানা জায়গায় সহজে এসব পণ্য নেওয়া যাচ্ছে। এসব পণ্য যদি সড়কপথে নেওয়া হতো, তাহলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো কয়েকটি মহাসড়ক দরকার হতো।
বিশাল কর্মযজ্ঞ
সম্প্রতি মাতারবাড়ী যাওয়ার পথে সাগরের একাংশে এবং পতেঙ্গা সৈকত থেকে দেখা মেলে সাগরে বিশাল কর্মযজ্ঞের। গভীর সমুদ্রে নোঙর করে রাখা এসব জাহাজের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে ছোট ছোট জাহাজ। শিপ হ্যান্ডলিং অপারেটরের কর্মীরা বড় জাহাজ থেকে ক্রেন দিয়ে পণ্য নামাচ্ছেন ছোট জাহাজে। ছোট জাহাজে পণ্য বোঝাইয়ের পর তা চলে যাচ্ছে নদীপথে দূরদূরান্তের গন্তব্যে। আবার খালি জাহাজ ভেড়ানো হচ্ছে। এভাবে দিনরাত ২৪ ঘণ্টা বহির্নোঙরে কাজ চলছে। তবে ঘূর্ণিঝড় বা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কাজ বন্ধ থাকে।
শিপ হ্যান্ডলিং অপারেটররা জানান, পণ্য খালাসের জন্য মূল যন্ত্রপাতি ছাড়াও প্রতিটি জাহাজে ১৫০ থেকে ২০০টি সরঞ্জাম নিয়ে যেতে হয়। অনেক সময় কোনো সমস্যা হলে তা ঠিক করার জন্য আবার সরঞ্জাম পাঠাতে হয়। উত্তাল সাগরে বৈরী আবহাওয়ায়ও কাজ চালিয়ে যেতে হয়। ঝুঁকি নিয়ে সবকিছুই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় সামাল দিতে হচ্ছে।
জেটি সুবিধা ছাড়াই খালাস
বহির্নোঙরে যেসব জাহাজ থেকে পণ্য খালাস হয়, সেগুলোর সিংহভাগই বেশ বড় আকারের। এসব জাহাজে একসঙ্গে ৫০-৬০ হাজার টনের মতো পণ্য পরিবহন হয়। কনটেইনার ছাড়া প্রায় সব পণ্য সাগরে খালাস করা যায়।
গত অর্থবছরে বন্দর দিয়ে সব ধরনের আমদানি পণ্যবাহী জাহাজ এসেছে ৪ হাজার ৬২টি। এসব জাহাজের ১ হাজার ৬৬১টি বা ৪১ শতাংশ জেটিতে ভিড়তে হয়নি। এ ছাড়া ৩২৭টি জাহাজ সাগরে এবং জেটিতে দুই জায়গায় পণ্য খালাস করেছে। শুধু জেটিতে পণ্য খালাস করেছে ১ হাজার ৩৬টি জাহাজ।
বন্দরের কনটেইনারবিহীন যত পণ্য আমদানি হয়, তার ৮০ শতাংশই খালাস হয় বহির্নোঙরে। মোট আমদানি-রপ্তানি হিসাব করা হলে এর হার ৬০ শতাংশ।
শীর্ষে সিমেন্টের কাঁচামাল
বহির্নোঙরে খালাস হওয়া পণ্যের শীর্ষে রয়েছে সিমেন্টের পাঁচটি কাঁচামাল। এই পাঁচ কাঁচামাল হলো ক্লিংকার, জিপসাম, চুনাপাথর, স্ল্যাগ ও ফ্ল্যাই অ্যাশ। গত অর্থবছর সিমেন্টের কাঁচামাল খালাস হয়েছে ৩ কোটি ১৬ লাখ টন। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাথর। একই সময়ে পাথর খালাস হয়েছে ৭৩ লাখ টন। এর পরে আছে গম, কয়লা, সয়াবিনবীজ, শর্ষেবীজ, অশোধিত চিনি, সার, ইস্পাতের কয়েল ইত্যাদি।
কারা কত টন খালাস করল
বন্দরের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে বহির্নোঙরে খালাস হওয়া সোয়া ৬ কোটি টনের মধ্যে ৬ কোটি ৮ লাখ টন খালাস করেছেন শিপ হ্যান্ডলিং অপারেটররা। বাকি পণ্য ছিল জ্বালানি, যেটি পাইপের মাধ্যমে শিপিং করপোরেশনের জাহাজে খালাস হয়েছে।
এই ছয় কোটি আট লাখ টনের মধ্যে এককভাবে সবচেয়ে বেশি খালাস করেছে আবুল খায়ের গ্রুপের আমদানি পণ্য খালাসকারী প্রতিষ্ঠান আর এ চৌধুরী লিমিটেড। প্রতিষ্ঠানটি ৬৩ লাখ ৯০ হাজার টন পণ্য খালাস করেছে। দ্বিতীয় অবস্থানে আছে মেঘনা গ্রুপের পণ্য খালাসকারী প্রতিষ্ঠান কে এস আবদুল হাকিম অ্যান্ড সন্স। প্রতিষ্ঠানটি খালাস করেছে ৪৯ লাখ ৫৫ হাজার টন। এ ২টিসহ ৫টি শিল্প গ্রুপের ৫টি প্রতিষ্ঠান মোট পণ্যের ৩৬ শতাংশ বা ২ কোটি ১৯ লাখ টন খালাস করেছে।
এর বাইরে ২৭টি প্রতিষ্ঠান ৩ কোটি ৯০ লাখ টন বা মোট পণ্যের ৬৪ শতাংশ খালাস করেছে। এসব প্রতিষ্ঠান বন্দরের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী ক্রমতালিকা ধরে নির্ধারিত জাহাজ থেকে পণ্য খালাসের দায়িত্ব পায়।
ধারাবাহিকভাবে বাড়ছে
গত এক দশকের তথ্যে দেখা যায়, বহির্নোঙরে পণ্য খালাসের হার ধারাবাহিকভাবে বাড়ছে। এক দশক আগে ২০১১-১২ অর্থবছরে বহির্নোঙরে পণ্য খালাস হয়েছিল ১ কোটি ৭৮ লাখ টন। এক দশকের ব্যবধানে তা সাড়ে তিন গুণ বেড়ে হয়েছে সোয়া ছয় কোটি টন।
বন্দরের তথ্য অনুযায়ী, এক দশক আগে মোট আমদানির ৪১ শতাংশ খালাস হতো বহির্নোঙরে। এখন তা উন্নীত হয়েছে প্রায় ৬৫ শতাংশে। মূলত সিমেন্ট শিল্পের কাঁচামাল, কয়লা, পাথর ও খাদ্যশস্য গম আমদানি প্রতিবছর বাড়তে থাকায় বহির্নোঙরে পণ্য খালাস বাড়ছে বলে আমদানিকারকেরা জানিয়েছেন।
বহির্নোঙরে পণ্য খালাসের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান প্রথম আলোকে বলেন, পণ্য খালাসের বড় কর্মযজ্ঞ চলে বহির্নোঙরে। বড় জাহাজের আগমন বাড়ায় বহির্নোঙরে বন্দরের জলসীমা বাড়ানো হয়েছে। আবার যেসব জাহাজ অবস্থান করে সেখানে বিশুদ্ধ পানি সরবরাহসহ নানা সেবা দিচ্ছে বন্দর। বহির্নোঙরে পণ্য খালাসের পরিমাণ বাড়লেও তা খালাসে সমস্যা হবে না বলে তিনি জানান।