বেসরকারি খাতে খাদ্যশস্য আমদানি উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। সাধারণত, প্রতিবছর গমের মোট আমদানির ৭৫ থেকে ৮০ ভাগ হয় বেসরকারি খাতে। কিন্তু চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম তিন মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন গম কম আমদানি হয়েছে। আন্তর্জাতিক বাজারের তুলনায় স্থানীয় বাজারে দাম কম হওয়ায় গম আমদানিতে ব্যবসায়ীদের এক ধরনের অনীহা লক্ষ করা যাচ্ছে।আবার সরকারের হাতে চালের মজুদ থাকলেও গমের মজুদ কম। আমদানি না বাড়লে সামনে গমের মজুদ নিয়ে শঙ্কা দেখা দিতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।চট্টগ্রাম ও মংলা বন্দর সূত্রে জানা গেছে, গত অর্থবছরের প্রথম তিন মাসে বেসরকারি খাতে গম আমদানি হয়েছিল ছয় লাখ ৩৬ হাজার টন। আর সরকারি খাত মিলে ওই সময় আমদানি হয়েছিল সাত লাখ ২৩ হাজার টন। চলতি অর্থবছরের একই সময় বেসরকারি খাতে গম আমদানি হয়েছে এক লাখ চার হাজার টন। সরকারি খাত মিলে মোট আমদানির পরিমাণ হচ্ছে মাত্র দুই লাখ সাত হাজার টন।গম ছাড়া একই সময় সরকারি খাতে চাল আমদানি হলেও বেসরকারি খাতে তা একদমই হয়নি। স্থানীয় উৎপাদন দিয়ে চালের চাহিদা মেটানো হয়। তবে ব্যবসায়ীরা শুধু দেশে সংকটের সময়ই চাল আমদানি করেন। কিন্তু গমের চাহিদার সিংহভাগ মেটানো হয় আমদানির মাধ্যমে। এ কারণে গম আমদানি কমায় প্রভাব পড়ছে বাজারে।গম আমদানি কমে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক আবুল বশর চৌধুরী গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, স্থানীয় বাজারে সাধারণ মানের গমের দাম আন্তর্জাতিক বাজারের চেয়ে কম থাকার কারণেই মূলত গম আমদানি কম হয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, গম আমদানি কম হওয়ায় প্রভাব পড়তে শুরু করেছে স্থানীয় বাজারে। সাধারণ মানের গমের দাম কম থাকলেও বাজারে ভালো মানের গমের দাম বাড়ছে। এর প্রভাব পড়ছে প্যাকেটজাত আটা-ময়দার দামে। কারণ সাধারণ মানের গমের সঙ্গে ভালো মানের গম মিশিয়ে প্যাকেটজাত করা ময়দা ও আটা তৈরি হয়।খাতুনগঞ্জ বাজারের দরদাম নিয়ে তৈরি করা বেসরকারি প্রতিষ্ঠান গ্রিনগ্রেইন ইন্টারন্যাশনালের প্রতিবেদনে দেখা যায়, গত বুধবার ভালো মানের গম বিক্রি হয়েছে প্রতি মণ এক হাজার ২৫৫ টাকা। এক মাস আগে ঠিক একই দিনে (৬ সেপ্টেম্বর) একই মানের গম বিক্রি হয় এক হাজার ১০০ টাকা। অর্থাৎ প্রতি মণে গমের দাম বেড়েছে ১৫৫ টাকা। অবশ্য সাধারণ মানের গমের দাম কমেছে একই সময়। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবমতে, এক মাসের ব্যবধানে প্যাকেটজাত ময়দার দাম কেজিপ্রতি তিন থেকে চার টাকা বেড়েছে। শতকরা হিসাবে দাম বাড়ার হার ৯ দশমিক ৮৬ শতাংশ। একইভাবে আটার দাম বেড়েছে কেজিপ্রতি দুই টাকা। শতকরা হিসাবে আটার দাম বেড়েছে প্রায় সাড়ে ছয় শতাংশ। এ সময় খোলা আটা-ময়দার দামও কেজিপ্রতি এক থেকে দুই টাকা করে বেড়েছে। ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী দেশের চাহিদার প্রায় ৮০ শতাংশ গম আমদানির মাধ্যমে মেটানো হয়। এ কারণে এই খাতে সরকারি-বেসরকারি আমদানির হার প্রতিবছর বাড়ছিল। গত অর্থবছর সরকারি খাতে নয় লাখ ৩৩ হাজার টন এবং বেসরকারি খাতে ২৮ লাখ ১৮ হাজার টন গম আমদানি হয়। আমদানি বাড়ার কারণে গত অর্থবছরের শেষ এবং চলতি অর্থবছরের শুরুর দিকে গমের বাজার ছিল পড়তির দিকে। কিন্তু ভালো মানের গমের দাম বেড়ে যাওয়ায় এখন আর ভোক্তারা সেই সুফল পাচ্ছেন না।সাধারণভাবে গম আমদানি বাড়লে ভোক্তাদের জন্য সুবিধাজনক বলে ধরা হয়। কারণ সরবরাহ বাড়লে অনেক সময় ব্যবসায়ীদের স্বাভাবিকের চেয়ে দাম বাড়ানোর সুযোগ থাকে কম। আর সরবরাহ কমলে দামের নিয়ন্ত্রণ চলে যায় ব্যবসায়ীদের হাতে। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের হাতে চালের পর্যাপ্ত মজুদ থাকলেও গমের মজুদ কম। গত সোমবারের হিসাব অনুযায়ী সরকারের হাতে ১২ লাখ ২১ হাজার টন চালের মজুদ রয়েছে। একই সময় গমের মজুদ রয়েছে দুই লাখ ৩৩ হাজার টন। বেসরকারি মজুদের হিসাব অবশ্য পাওয়া যায়নি। তবে বেসরকারি খাতেও কয়েক লাখ টন সাধারণ গমের মজুদ রয়েছে বলে ব্যবসায়ী সূত্রগুলো জানায়।অন্যতম গম আমদানিকারক প্রতিষ্ঠান নূরজাহান গ্রুপের পরিচালক টিপু সুলতান প্রথম আলোকে বলেন, বেসরকারি খাতে গম আমদানি কমে যাওয়াটা উদ্বেগের বিষয়। কারণ সরবরাহ কমে গেলে বাজার ঠিক রাখা কঠিন হয়ে পড়বে। বাজারে গমের যে মজুদ আছে তা দিয়ে বেশি দিন নির্ভর করা যাবে না। এ কারণে গম আমদানিতে সরকারের সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক ও দেশীয় বাজার: সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে ভারত ও ইউক্রেন থেকে আমদানি করা সাধারণ মানের গমের দাম চট্টগ্রাম বন্দর পর্যন্ত পরিবহনে খরচ পড়ে ২৯০ মার্কিন ডলার। আর ভালো মানের গমের দাম পড়ে ৩৬০ মার্কিন ডলার। স্থানীয় বাজারে আন্তর্জাতিক বাজারের চেয়ে সাধারণ মানের গমের দাম কম রয়েছে। পাইকারি বাজার খাতুনগঞ্জে গত বুধবার ইউক্রেন ও পাকিস্তানের গম টনপ্রতি ২৫৩ থেকে ২৬০ ডলার (প্রতি কেজি ১৯ টাকা ২৩ পয়সা থেকে ১৯ টাকা ৮৩ পয়সা দরে) বিক্রি হয়। অস্ট্রেলিয়ার গম টনপ্রতি ২৯৬ ডলার (কেজিপ্রতি সাড়ে ২২ টাকা দরে) বিক্রি হয়। তবে স্থানীয় বাজারে ভালো মানের গমের দাম আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক বেশি হারে বাড়ছে। যেমন, খাতুনগঞ্জে ভালো মানের (কানাডা থেকে আমদানি) গম বিক্রি হচ্ছে টনপ্রতি ৪৪২ টাকা দরে (কেজিপ্রতি ৩৩ টাকা ৬২ পয়সা)। এ ধরনের গমের মজুদ কমে আসার কারণেই দাম বাড়ছে বলে ব্যবসায়ীরা জানান।