
বাণিজ্য মেলায় নারীদের আকর্ষণ ব্যবহার্য দ্রব্য, জুতা ও শাড়ি। শাড়ি হলে তো চুড়ি চাই। তাই মেলায় চুড়ি-গয়না না কিনলেও বিভিন্ন স্টলে অন্তত ঢুঁ মারছেন ক্রেতারা। গয়নার ব্যবহারে বাহারি বাণিজ্য চলছে মেলায়। বাণিজ্য মেলায় বাহারি গয়নায় সেজে বিক্রেতা নিজেই ক্রেতাকে আকর্ষণ করছেন। গতকাল বৃহস্পতিবার এ দৃশ্য দেখা যায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গয়নার স্টলে।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গতকাল বিকেলে চেং পানজাবি বিতান স্টল থেকে মুক্তার মালা ও কানের দুল কিনলেন ফৌজিয়া আক্তার। দাম দিলেন ১ হাজার ৩০০ টাকা। তিনি প্রতিবেদককে জানালেন, মেলায় ভিন্নধর্মী গয়নার খোঁজে প্রতিবার আসেন তিনি। এবারও তাই ভিন্নতা আনতে দারুণ মুক্তার সেট কিনে নিলেন।
চুলের কাঁটা ও স্টোনের চেইন এবারের মেলার অন্য আকর্ষণ। কোরিয়ান দোকান ইনার কালেকশনের বিক্রেতা রফিক জানালেন, মেলায় পাথর বসানো চুলের কাঁটা মেয়েরা বেশি কিনছেন। আর এই কাঁটা পাওয়া যাচ্ছে ১০০ থেকে ৫০০ টাকা দামে। এ ছাড়া স্টোনের নূপুর, হাতের ব্রেসলেট বেচাকেনাও হচ্ছে বেশ।
পুঁতির মালা হাতে নিয়ে ভাবছিলেন রেশমা হোসেন। তিনি বলেন, ‘এসব শাড়ির সঙ্গে মানিয়ে যায়, তাই বিশেষ রঙিন পুঁতির মালা কিনতে মেলায় আসা হয়।’ এটা তিনি কিনেছেন কেজি স্টল থেকে। দাম দিতে হয়েছে ৫৫০ টাকা। মেলায় কাঠের ও বাঁশের তৈরি কিছু গয়না পাওয়া যাচ্ছে। যদিও অনেকে দেখে চলে যাচ্ছেন। সিটি গোল্ডের চুড়ি আর পুঁতির মালা, কানের দুলের চাহিদাও রয়েছে।
মেলায় নারী-পুরুষ নানা রকমের গয়না কিনছেন। এমন একজন নিলীমা পাল পেশায় চিকিৎসক। তিনি জানান, যেকোনো রঙের পোশাকের সঙ্গেই গলায় মালা মানিয়ে যায়। মেলায় নতুন ধরনের গয়না পাওয়া যায়, সে জন্য প্রতিবার মেলায় গয়নার দোকানে আসা চাই। তিনি আরও বলেন, মেলায় সুন্দর মালা কিনেছেন আর মেয়ের জন্য চুলের ক্লিপ।
জমকালো সালোয়ার-কামিজ এবং ফতুয়ার সঙ্গে রুপার বড় দুল বর্তমানে তরুণীদের মূল আকর্ষণ। মেলায় রুপার গয়না ও অ্যানটিকের গয়নার দোকানেও রয়েছে বেশ ভিড়।
মেলায় ছেলেদের জন্য হাতের আংটি ও ব্রেসলেট আর মেয়েদের জন্য কানের দুল পাওয়া যাচ্ছে সব গয়নার দোকানে। ছেলেরা আঙুলে বড় পাথরের আংটি পছন্দ করে কিনছেন। মেয়েদের কানের বড় বড় দুলের দিকে আকর্ষণ বেশি লক্ষ করা যায়।
নানা রঙের প্লাস্টিকের ক্লিপ পাওয়া যাচ্ছে ছোট চুলের জন্য। ছোট-বড় সবাই পছন্দেরটা বেছে নিচ্ছেন। প্রতিটা ক্লিপ পাওয়া যাচ্ছে ২০ থেকে ৭০ টাকায়।