বিদ্যুতের বিদ্যমান মূল্যহারকে ‘জনস্বার্থ পরিপন্থী’ উল্লেখ করে বিদ্যুতের দাম গরিব গ্রাহকদের জন্য কমানো এবং ধনী গ্রাহকদের জন্য বাড়ানোর দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে গতকাল মঙ্গলবার এক মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়।
ক্যাবের সভাপতি কাজী ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাবের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম। সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
অধ্যাপক এম শামসুল আলম বলেন, ভুল নীতি ও দুর্নীতি বিদ্যুতের মূল্য বৃদ্ধির অন্যতম কারণ।
এম শামসুল আলম আরও বলেন, বিদ্যুৎ খাতের অস্বাভাবিক বাড়তি জনবল কমিয়ে; মেরামত, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন ব্যয় বাদ দিয়ে এবং প্রক্রিয়াগত লোকসান কমে যাওয়ায় যে অর্থ এরই মধ্যে সাশ্রয় হয়েছে তার সমন্বয় করলে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হয় না।
সভায় বক্তারা কয়েকটি দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে—কুইক রেন্টাল থেকে বিদ্যুৎ না কিনে দেশীয় গ্যাস দিয়ে সরকারিভাবে বিদ্যুৎ উৎপাদন; ঢাকায় ১৩২ কেভি বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্ব অবিলম্বে পিজিসিবিকে প্রদান; নিরপেক্ষ কারিগরি বিশেষজ্ঞদের দিয়ে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ সংস্থাগুলোর কারিগরি নিরীক্ষা করানো; গোয়েন্দা সংস্থার তদন্তের মাধ্যমে গ্যাস-বিদ্যুতের অবৈধ সংযোগ চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করাইত্যাদি।