গরিব দেশের ধনীরা

বইটির নাম রিচ পিপল, পুওর কান্ট্রিজ: দ্য রাইজ অব ইমার্জিং মার্কেট টাইকুনস অ্যান্ড দেয়ার মেগা ফার্মস। এর লেখিকা ক্যারোলিন ফ্রিন্ড একসময় বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ ছিলেন। এখন পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকসের সিনিয়র ফেলো।
বইটির শুরুটা এভাবে: ১৯৯৯ সালে চীনের হাংজু শহরের একজন ইংরেজির শিক্ষক তাঁরই বাসায় ছোট্ট একটা ব্যবসাপ্রতিষ্ঠান খুললেন। সঙ্গে ছিলেন তাঁরই ১৮ জন বন্ধু ও শিক্ষার্থী। লোকটির নাম জ্যাক মা। তাঁরই সেই কোম্পানি আলিবাবা জ্যাক মা-কে চীনের শীর্ষ ধনী বানিয়েছে। এখানে কাজ করেন ২৪ হাজার মানুষ। আলিবাবা এখন ওয়ালমার্ট ও জেনারেল ইলেকট্রিকের চেয়েও বড় কোম্পানি। জ্যাক মা-র সম্পদের পরিমাণ এখন ২ হাজার ১০০ কোটি ডলারেরও বেশি।
দিলীপ সাঙ্গভি ১৯৮০ সালে বাবার কাছ থেকে ১০ হাজার রুপি ধার নিয়ে শুরু কাজ করেছিলেন ওষুধ কোম্পানি করার জন্য। সান ফার্মার কাজ শুরু হয় ১৯৮৩ সালে। সেই সান ফার্মা এখন ২ হাজার ৪০০ কোটি ডলারের কোম্পানি আর দিলীপ সাঙ্গভি ভারতের দ্বিতীয় শীর্ষ ধনী। সান ফার্মা ভারতের সবচেয়ে বড় ওষুধ কোম্পানি, কাজ করেন ১৬ হাজার মানুষ।
বইটি মূলত গরিব ও উঠতি অর্থনীতির দেশ-গুলোর ধনীদের গল্প। আর সেই গল্প বলতে গিয়ে যে প্রশ্নটি উঠে এসেছে, তা হলো শত কোটিপতিরা কি প্রবৃদ্ধির জন্য ভালো? বিশ্বের ৭০টি উঠতি অর্থনীতির দেশের শত কোটিপতিরা এখন ২ ট্রিলিয়ন ডলারেরও বেশি সম্পদের মালিক। তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ ১ শতাংশ প্রতিষ্ঠানই মোট রপ্তানির ৮০ শতাংশ করে থাকে। উঠতি দেশগুলোতে তা ৫০ শতাংশ। তবে তা আরও বাড়ছে এবং বেশ দ্রুত গতিতেই।
বইটিতে কে কীভাবে ধনী হয়েছে, তারও বিস্তারিত তথ্য রয়েছে। দেখা যাচ্ছে, উঠতি অর্থনীতির দেশগুলোতে এক-তৃতীয়াংশ ধনীই ‘সেল্ফ মেইড’। তাঁরা নিজেদের দক্ষতা ও যোগ্যতায় শীর্ষ ধনী হয়েছেন। বাকি দুই-তৃতীয়াংশের মধ্যে বড় অংশ উত্তরাধিকারসূত্রে ধনী হয়েছেন। আর সরকারের সঙ্গে ব্যবসা ও রাজনৈতিক সম্পর্ক ব্যবহার করে ধনী হওয়ার সংখ্যাও কম নয়।
বইটিতে বলা হয়েছে, বড় বড় শিল্পপ্রতিষ্ঠান একটি দেশের প্রবৃদ্ধির জন্য ভালো। একটি বড় উৎপাদনশীল প্রতিষ্ঠান ১০০০ ছোট ছোট প্রতিষ্ঠানের চেয়ে বেশি কার্যকর। অতিরিক্ত সম্পদই প্রবৃদ্ধি বাড়ায়। তবে অতিরিক্ত সম্পদ যাতে একটি দেশের জন্য ভালো হয়, তা নিশ্চিত করতে ক্যারোলিন ফ্রিন্ড বেশ কিছু সহায়ক নীতি গ্রহণ করতে পরামর্শ দিয়েছেন।