>

২০১৬–১৭ অর্থবছরের বাজেট থেকে কী পেলেন ব্যবসায়ীরা। চার ব্যবসায়ী সংগঠনের নেতারা জানালেন তাঁদের প্রত্যাশা ও প্রাপ্তির কথা। সাক্ষাৎকার নিয়েছেন রাজীব আহমেদ ও শুভংকর কর্মকার
প্রথম আলো: ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে আপনারা কী চেয়েছিলেন? কী পেলেন?
শাখাওয়াত হোসেইন: বাজেটের আগে আমরা বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) মাধ্যমে আমাদের প্রস্তাবগুলো দিয়েছিলাম। সেখানে ১৫০ টাকা পর্যন্ত মূল্যমানের হাওয়াই চপ্পল ও প্লাস্টিকের পাদুকার ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি সুবিধা চেয়েছিলাম। কিন্তু ঘোষিত বাজেটে ১২০ টাকা পর্যন্ত মূল্যমানের হাওয়াই চপ্পল ও প্লাস্টিকের পাদুকার ওপর থেকে উল্টো মূসক অব্যাহতি সুবিধা তুলে নেওয়া হয়েছে।
প্রথম আলো: এতে কী প্রভাব পড়বে?
শাখাওয়াত হোসেইন: মূসক অব্যাহতি সুবিধা তুলে নেওয়ায় এখন এসব হাওয়াই চপ্পল ও প্লাস্টিকের পাদুকার দাম বাড়বে। অর্থাৎ মূসকের ১৫ শতাংশের চাপ গিয়ে পড়বে ভোক্তার ওপর।
প্রথম আলো: কত দিন ধরে মূসক অব্যাহতি সুবিধা পেয়ে আসছিলেন?
শাখাওয়াত হোসেইন: ১৯৯১ সালে যখন প্রথম মূসক চালু হয় তখন অর্থমন্ত্রী সাইফুর রহমান আমাদের কারখানা দেখে বলেছিলেন, তাঁর জীবদ্দশায় আর এ খাতে মূসক আরোপ করবেন না। এরপর অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া মূসক আরোপ করেন। কিন্তু কারখানা দেখে তিনিও ৩৫ টাকা পর্যন্ত মূল্যমানের চপ্পল ও জুতা-স্যান্ডেলে মূসক অব্যাহতি সুবিধা দেন। বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও এত দিন এ সুবিধা অব্যাহত রাখার পাশাপাশি মূল্যমানের সীমা বাড়িয়েছিলেন। কিন্তু হঠাৎ কী হলো জানি না, তিনি নতুন বাজেটে এ সুবিধা তুলে নিলেন।
প্রথম আলো: বর্তমানে পাদুকা খাতে কতগুলো কারখানা আছে? সেখানে কত শ্রমিক কাজ করে?
শাখাওয়াত হোসেইন: সারা দেশে বর্তমানে পাদুকা খাতের প্রায় সাড়ে ৩ হাজার কারখানা রয়েছে। এদের মধ্যে সমিতির সদস্যভুক্ত রয়েছে প্রায় ৫০০টি কারখানা। এর মধ্যে বড় কারখানাগুলো সরকারের নিয়ম মেনে মূসক দেয়। ছোট কারখানাগুলোতে মালিকই সব কাজ করেন। তাদের পক্ষে সব হিসাব রাখা সম্ভব নয়। প্রস্তাবিত বাজেটে অনেক বড় খাতে মূসক অব্যাহতি রাখা হয়েছে। তাদের কথা বলার জায়গা আছে। কিন্তু আমাদের কথা বলার সুযোগ তেমন নেই। চপ্পল ও প্লাস্টিকের পাদুকা ভারত ও চীন থেকে আমদানিও হয়। এখন আমাদের ওপর মূসক আরোপ হওয়ায় আমদানি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খেতে হবে।