গরিব মানুষের জীবনমানের উন্নয়নে ২০১৬-১৭ অর্থবছরের জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, স্বাস্থ্য ও শিক্ষা সেবা নিশ্চিত করতে বরাদ্দ দিতে হবে। গরিব মানুষদের আয়বর্ধক কর্মকাণ্ডের সুযোগ করে দিতে হবে। এ ছাড়া চরাঞ্চলসহ তুলনামূলক পিছিয়ে থাকা এলাকার জন্য বাজেটে বিশেষ কর্মসূচি নিতে হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এক প্রাক্-বাজেট আলোচনায় দেশের বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা এ দাবি জানান। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বাজেটে পর্যাপ্ত বরাদ্দ থাকে। কিন্তু আমরা খরচ করতে পারি না। এটা সক্ষমতার অভাব।’
গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ কমছে, এ জন্য অর্থমন্ত্রীকে অভিনন্দন। কেননা যে স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠছে, তাতে গরিব মানুষের চিকিৎসার সুযোগ সীমিত হয়ে আসছে। আবার চিকিৎসকদের বেতন বৃদ্ধি করা হয়েছে, কিন্তু তাঁরা গ্রামে যান না। অন্যদিকে ওষুধের দাম এত বেড়েছে যে তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তিনি বাজেটে এসব বিষয়ে নজর দেওয়ার সুপারিশ করেন।
নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘আমরা যে উন্নয়নের ধারায় আছি, তা এগিয়ে নিতে গবেষণার বিকল্প নেই। গবেষণা খাতে বরাদ্দ খুবই কম। এ খাতে বরাদ্দ বৃদ্ধি করা উচিত।’
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম নারীদের প্রশিক্ষণের জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি জানান।
প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক আরোমা দত্তের মতে, কৃষকেরা উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান না। এসব পণ্য মজুতের ব্যবস্থা করা গেলে তাঁরা ন্যায্য দাম পেতেন। এ ছাড়া প্রান্তিক জেলেদের জন্য বাজেটে বিশেষ প্রণোদনা রাখার সুপারিশ করেন তিনি।
পরিবেশদূষণের পাশাপাশি গণপরিবহনকে গুরুত্ব দিয়ে বাজেটে বরাদ্দ রাখা উচিত বলে মনে করেন পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু নাসের খান।