গরিবি কমাতে বাণিজ্য সহায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্য বিমোচন বা গরিবি কমানোর জন্য বাণিজ্য উন্মুক্ততা সহায়ক বলে মন্তব্য করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক প্যাসকেল লামি। অবাধ বাণিজ্য (ফ্রি ট্রেড) ও উন্মুক্ত বাণিজ্য (ওপেন ট্রেড) সমার্থক নয় বলেও মন্তব্য করেছেন তিনি।যথাযথ নীতি ও পরিস্থিতির আলোকে পরিচালিত হলে বাণিজ্য অবশ্যই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য অত্যন্ত সহায়ক বলেও মনে করেন লামি। এ জন্য বৈশ্বিক পর্যায়ে নীতি-বিধি প্রণয়ন ও পরিচালনা করার ওপর গুরুত্বারোপ করে লামি বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থা এই কাজটি করে যাচ্ছে।রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘উন্নয়নে বাণিজ্যের ভূমিকা’ শীর্ষক লোক বক্তৃতায় লামি এসব কথা বলেন। অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাতের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ চৌধুরী।বাংলাদেশের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে যে বিষয়গুলো অবদান রেখেছে, তার মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও ক্ষুদ্রঋণের কথা উল্লেখ করেন লামি। তবে তিনি বলেন যে তাঁর বিবেচনায় তৈরি পোশাক খাত ও প্রবাসীদের আয়—এই দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ও আগামীতেও রাখবে। লামি বলেন, বাংলাদেশের শ্রমিকেরা নিজের দেশে জাহাজ ভাঙা ও নির্মাণে দক্ষতা গড়ে তোলার মাধ্যমে আসলে সিঙ্গাপুরে জাহাজনির্মাণ শিল্পে কাজের জন্য নিজেদের উপযোগী করে তুলছে। এভাবেই সেবা খাতের বাণিজ্যে বাংলাদেশ আগামীতে এগিয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি।