গরিবের রুটি মূসকমুক্ত রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হস্তচালিত বেকারিতে উৎপাদিত প্রতি কেজি ১০০ টাকা মূল্যমান পর্যন্ত রুটি, কেক ও বিস্কুটে মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি সুবিধা বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি।
সংগঠনটি বলেছে, এসব খাদ্যপণ্য গরিব মানুষ উৎপাদন করে। এর ক্রেতারাও দেশের নিম্ন আয়ের মানুষ। মূসক অব্যাহতি সুবিধা তুলে নিলে গরিব মানুষের ব্যয় বাড়বে। অন্যদিকে উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হবেন।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির নেতারা। এতে সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, সহসভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে হস্তচালিত বেকারিতে তৈরি কেজিপ্রতি ১০০ টাকা মূল্যমান পর্যন্ত রুটি, বিস্কুট ও কেকে মূসক অব্যাহতি সুবিধা তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছেন।
সংবাদ সম্মেলনে জালাল উদ্দিন বলেন, ‘আমরা হস্তচালিত বেকারি থেকে মূসক পুরোপুরি তুলে নেওয়ার দাবি করেছিলাম। কিন্তু বাজেটে বিদ্যমান অব্যাহতি সুবিধাও তুলে নেওয়া হয়েছে।’
রুটি, বিস্কুট ও কেক তৈরির প্রধান উপকরণগুলো মূসকমুক্ত উল্লেখ করে জালাল উদ্দিন বলেন, এসব পণ্য তৈরিতে উপকরণের কর রেয়াত নেওয়া যাবে না। মূসকের চাপ পুরোটাই তৈরি পণ্যের ওপর পড়বে। তিনি বলেন, এসব রুটি-বিস্কুট দেশের শ্রমিকেরা, দিনমজুর, রিকশা-অটোরিকশাচালকেরা খান। দুটি বন রুটি, এক কাপ চা ও দুই গ্লাস পানি খেলে তাঁদের পেট ভরে যায়। এতে ব্যয় হয় ২০ টাকা।
দেশে প্রায় সাড়ে চার হাজার ছোট-বড় বেকারি আছে এমন তথ্য দিয়ে জালাল উদ্দিন বলেন, বড় বেকারিগুলো মূসক নিবন্ধিত। এ ছাড়া ১০০ টাকার ওপরের পণ্য মূসক দিয়ে বিক্রি করা হচ্ছে। কম দামি পণ্যের ওপরও মূসক আরোপ হলে নিম্ন আয়ের মানুষের খরচ বাড়বে।
সংবাদ সম্মেলনে বেকারিতে উৎপাদিত খাদ্যের মান নিয়েও প্রশ্ন ওঠে। এর জবাবে জালাল উদ্দিন বলেন, ভ্রাম্যমাণ আদালত এ পর্যন্ত যে জরিমানা করেছেন তার ১০ শতাংশ অর্থ বেকারি মালিক এবং শ্রমিকদের প্রশিক্ষণ ও সচেতনতার কাজে ব্যয় করা হলে এ অভিযোগ করার সুযোগ থাকত না।