পোশাকশিল্পের জন্য অ্যাকর্ড-অ্যালায়েন্স এখন গলার ফাঁস হয়ে গেছে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে গতকাল প্রস্তাবিত বাজেটে উৎসে কর কমানোসহ কয়েকটি দাবি নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে পোশাক খাতের মালিকদের চারটি সংগঠন। সংগঠনগুলো হচ্ছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশের রপ্তানিকারক সমিতি (ইএবি), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম শুরুতেই পোশাক খাতের সার্বিক চিত্র তুলে ধরেন অর্থমন্ত্রীর কাছে। তিনি বলেন, এবারই প্রথম রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। বিরোধী দলের ৯২ দিনের অঘোষিত হরতাল, অবরোধ ও মানুষ পোড়ানোর রাজনীতির ‘কাফফারা’ দিতে হচ্ছে পোশাক খাতকে। এর ফলে ভাবমূর্তির সংকট তৈরি হয়েছে এবং ক্রেতাদের একটা অংশ অন্য দেশকে বেছে নিয়েছে।
ইউরোপের পোশাক আমদানিকারক ও ট্রেড ইউনিয়নের জোট অ্যাকর্ড এবং যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের জোট অ্যালায়েন্স কারখানা পরিদর্শনের নামে বাড়াবাড়ি করছে বলে অর্থমন্ত্রীর কাছে নালিশ করেন আতিকুল। তিনি বলেন, ‘বিশ্বের কোথাও এভাবে কারখানা পরিদর্শনের নজির নেই। শর্ত পূরণ করতে গিয়ে মালিকদের পাঁচ থেকে ২০ কোটি টাকা পর্যন্ত খরচ হচ্ছে। ফলে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। যারা শর্ত পূরণ করতে পারছে না, তাদের কাছ থেকে পোশাক না কেনার জন্য ক্রেতাদের পরামর্শ দিচ্ছে। কত বড় স্পর্ধা!’
রানা প্লাজা ট্র্যাজেডির পর অ্যাকর্ড-অ্যালায়েন্স পোশাক খাতের উন্নয়নে নানা পদক্ষেপ নেয়।
আতিকুল ইসলামের নালিশ আমলে নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের সাহায্য করতে তাদের স্বাগত জানিয়েছিলাম, কিন্তু এখন দেখছি তারা গলার ফাঁস হয়ে গেছে। তারা বাড়াবাড়ি করছে এবং এটা এক ধরনের দুঃসংবাদ।’
পোশাক খাতে বাংলাদেশ যে এগিয়েছে, অ্যাকর্ড-অ্যালায়েন্স তাতে বাদ সাধতে চাচ্ছে বলে মনে করেন মুহিত। তিনি বলেন, ‘তাদের কর্মকাণ্ডের অর্থ হচ্ছে, বাংলাদেশ খুব বেড়ে গেছে, এবার থামাতে হবে।’
প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে করণীয় নির্ধারণ করবেন বলে জানান অর্থমন্ত্রী।
পোশাক মালিকদের উদ্দেশে মুহিত বলেন, ‘আপনাদের আসল দাবি মনে হয় উৎসে কর কমানো। এটা তো আমি একা করি না। পরামর্শক সভা বা একটা পদ্ধতির মধ্য দিয়ে তা ঠিক হয়।’
আগামী অর্থবছরের জন্য পোশাক খাতে উৎসে কর দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশের প্রস্তাব করা হয়।
দাবি পূরণ নিয়ে অর্থমন্ত্রী সরাসরি কিছু বলেননি। তবে এটুকু বলেন, ‘পোশাক শিল্পের ব্যাপারে প্রধানমন্ত্রীর এক ধরনের সফট কর্নার রয়েছে।’
ইউরোর দরপতনের কারণেও বিপদে রয়েছেন বলে দাবি করেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, ‘আপনি আমাদের পিতৃতুল্য। আপনার কাছে না কাঁদলে কোথায় কাঁদব?’ এরপর বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান এবং ইএবি সভাপতি আবদুস সালাম মুর্শেদীও অর্থমন্ত্রীকে ‘পিতৃতুল্য, অভিভাবক ও একমাত্র অবলম্বন’ প্রভৃতি বলে সম্বোধন করেন।
সেলিম ওসমান নগদ সহায়তা ছাড়ের ক্ষেত্রে নিরীক্ষার বাধ্যবাধকতা থেকে মুক্তি চান। বিজিএমইএর সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন অর্থমন্ত্রীকে শতায়ু হওয়ার শুভকামনা করেন।
পোশাক মালিকদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘আপনাদের প্রতি আমারও দাবি আছে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব প্রস্তাবিত পোশাকপল্লি মুন্সিগঞ্জের বাউশিয়ায় স্থানান্তর করুন।’ নিরীক্ষা থেকে মুক্তির বিষয়ে অর্থমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে কথা না বলে কিছু বলতে পারছেন না বলে জানান।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও গত রোববার এক সেমিনারে বলেন, ‘অ্যাকর্ড অহেতুক ঝামেলা করছে’।
পোশাক মালিকদের সঙ্গে বৈঠকের পরপরই অর্থমন্ত্রীর কার্যালয়ে বাণিজ্যমন্ত্রীকে ঢুকতে দেখা যায়। সূত্র জানায়, অ্যাকর্ড-অ্যালায়েন্স বিষয়ে করণীয় নির্ধারণ এবং পোশাক মালিকদের কর ছাড়ের জন্যই এ বৈঠক। অর্থসচিব মাহবুব আহমেদ এতে উপস্থিত ছিলেন। তবে এ বৈঠকের কোনো ফলাফল জানা যায়নি।