গাইবান্ধা বিসিক শিল্পনগর কার্যত অচল হয়ে পড়েছে। এখানকার অধিকাংশ শিল্পকারখানায় বর্তমানে উৎপাদন বন্ধ রয়েছে। কয়েকটি চালু থাকলেও বিদ্যুৎ সরবরাহ অপর্যাপ্ত হওয়ায় সেগুলোতে পালা করে উৎপাদন কার্যক্রম চলছে। সম্প্রতি এই শিল্পনগরে গিয়ে মাত্র তিনটি ছোট কারখানা সচল দেখা গেছে। একটি কারখানার শ্রমিক কবির হোসেন জানান, বিদ্যুৎ-সংকটের কারণে তাঁদের বেশির ভাগ সময়ই হাত গুটিয়ে বসে থাকতে হয়।গাইবান্ধা বিসিক অফিসে গিয়ে জানা গেল, এই শিল্পনগরে গত এক বছরে ২০০ কেভির তিনটি ট্রান্সফরমার ডাকাতি হয়েছে। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানায় মামলা করা হলেও পুলিশের তৎপরতার অভাবে ট্রান্সফরমারগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।বিসিকের কর্মকর্তারা জানান, বর্তমানে এখানে ১০০ ও ২০০ কেভির দুটি ট্রান্সফরমার চালু রয়েছে; যে কারণে এখানে চালু হওয়া ২৭টি করাখানার অধিকাংশই বন্ধ রয়েছে। বাকি কারখানাগুলোর মধ্যে দৈনিক গড়ে তিনটিতে পালা করে উৎপাদন কার্যক্রম চলছে।শিল্পনগরের গাইবান্ধা হক ড্রাগস ল্যাবরেটরির (হোমিও) স্বত্বাধিকারী জাহিদুল হক বলেন, বর্তমানে পালা করে দৈনিক মাত্র চার-পাঁচ ঘণ্টা উৎপাদন করতে হচ্ছে। এতে লোকসান গুনতে হচ্ছে।সাহা অয়েল মিলের স্বত্বাধিকারী জ্যোতি সাহা জানান, বিদ্যুৎ-সংকটের কারণে উদ্যোক্তাদের লোকসানের ঘানি টানতে হচ্ছে বলে তাঁরা শিল্প গুটিয়ে নিচ্ছেন।জেলা শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক সিজু মিয়া জানান, এ ব্যাপারে বিদ্যুৎমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো কাজ হয়নি।এ প্রসঙ্গে গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হেলাল আফজাল বলেন, নগরে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা বিসিকের নিজস্ব ব্যাপার। এখানে বিতরণ বিভাগের করণীয় কিছু নেই।অন্যদিকে গাইবান্ধা বিসিকের সহকারী মহাব্যবস্থাপক গোলাম ছারওয়ার বসুনিয়া প্রথম আলোকে বলেন, নতুন ট্রান্সফরমার স্থাপন করা তাঁদের পক্ষে সম্ভব নয়। তাই বিদ্যুৎ সরবরাহের বিষয়টি বিদ্যুৎ বিতরণ বিভাগের ওপর হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অচিরেই এটি হস্তান্তর হবে বলে আশা করা যাচ্ছে।জানা গেছে, ১৯৯৮ সালে গাইবান্ধা শহরের অদূরে ধানগড়া নামক স্থানে ১৫ একর জমিতে প্রায় দুই কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে এই বিসিক শিল্পনগর গড়ে ওঠে। এখানে খাদ্য ও খাদ্যজাত; প্রকৌশল ও কেমিক্যাল বা রসায়ন; ফার্মাসিউটিক্যাল এবং বস্ত্রজাত শিল্প স্থাপন করা হয়। নগরে মোট ৯৪টি প্লট রয়েছে। ৪৪টি শিল্পকারখানার অনুকূলে এ পর্যন্ত ৮৯টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে শিল্পকারখানা চালু হয় ২৭টি প্লটে। উদ্যোক্তার অভাবে পাঁচটি প্লট এখনো বরাদ্দ দেওয়া যায়নি। এ ছাড়া মূলধনের অভাবে ৬২টি প্লট চালু করা হয়নি।