গাইবান্ধায় পশুর চামড়া কিনে বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা
গাইবান্ধা সদর উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের হীরালাল একজন ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী। প্রতিবছর ঈদে গ্রামে গ্রামে ঘুরে চামড়া কেনেন। পরে জেলার পলাশবাড়ী হাটে পাইকারদের কাছে সেই চামড়া বিক্রি করেন। কিন্তু এবার তিনি চামড়া বিক্রি করতে পারছেন না।
হীরালাল গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকেই হাটে চামড়া নিয়ে বসে থাকলেও কেউ কেনা দামও বলেনি। দুপুরের পর বাধ্য হয়ে ৪০ হাজার টাকার চামড়া ছয় হাজার টাকা লোকসানে বিক্রি করলাম।’
জেলার প্রাচীন এ হাটে গতকাল দুপুরের দিকে গাইবান্ধা সদর উপজেলার কূপতলা গ্রামের ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী লালচান বললেন, ‘৫০ হাজার টাকার চামড়া কিনে হাটে এনেছি। সকাল আটটা থেকে অপেক্ষা করছি। কেউ দাম করছে না। পাইকারেরা বলছেন, চামড়া কিনে কী করব? আমরা বিক্রি করব কোথায়?’ পলাশবাড়ী হাটে চামড়া নিয়ে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা এভাবেই নিজেদের দুর্ভোগের কথা জানালেন।
ঈদের পর গতকালই প্রথম পলাশবাড়ী হাটে চামড়া ওঠে। এখানে গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের সাতটি জেলার বিভিন্ন এলাকা থেকে রিকশা-ভ্যান ও ভটভটিতে করে ক্ষুদ্র ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে আনেন। তবে গত বছরের চেয়ে এবার চামড়া তুলনামূলক কম এসেছে। ক্রেতাও ছিল কম। হাট ঘুরে দেখা গেল, ক্ষুদ্র ব্যবসায়ীরা চামড়া নিয়ে বসে আছেন। যাঁরা চামড়া কিনেছেন, তাঁরা তাতে লবণ দিচ্ছেন।
চামড়া ব্যবসায়ীরা জানালেন, সরকার এবার প্রতি বর্গফুট গরুর চামড়া ৪৫-৪৫ টাকা ও ছাগলের চামড়া ২০-২২ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা গ্রাম ঘুরে প্রতি বর্গফুট গরুর চামড়া ৬৫-৭০ টাকা ও ছাগলের চামড়া ২২-২৫ টাকা দামে কিনেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী বললেন, ‘দাদন ব্যবসায়ীর কাছ থেকে চড়া সুদে ৩৫ হাজার টাকা নিয়ে চামড়া কিনে বিপদে পড়েছি।’
গাইবান্ধা শহরের চামড়া ব্যবসায়ী আরশাদ আলী বলেন, ‘সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চামড়া কিনেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাঁদের কাছ থেকে বেশি দামে চামড়া কিনে আমরাও বেকায়দায়।’
চামড়া কিনছেন না কেন—জানতে চাইলে পলাশবাড়ী চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আফতাব উদ্দিন মোল্লা প্রথম আলোকে বলেন, প্রতিবছর ঢাকা থেকে ট্যানারির মালিকেরা চামড়া কিনতে আসেন। কিন্তু এবার তাঁদের কেউই আসেননি। তাই ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া কেনা সম্ভব হচ্ছে না।