গাছ আমদানির ঋণপত্র খুলতে অনুমতি লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ থেকে গাছ (উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্য) আমদানির জন্য ঋণপত্র খোলার আগে এখন থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) থেকে আমদানির অনুমতিপত্র নিতে হবে।
এ বিষয়ে দেশের অনুমোদিত সব ডিলার ব্যাংককে গতকাল সোমবার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডেসট্রাকটিভ ইনসেক্টস অ্যান্ড পেস্টস রুলস-১৯৬৬ অনুযায়ী, উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলার আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। বিষয়টি উল্লেখ করে গত ২৭ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেয় অধিদপ্তর। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ওই নির্দেশনা দিয়েছে।
ডিএইর চিঠিতে বলা হয়, ইদানীং লক্ষ করা যাচ্ছে যেকোনো আমদানিকারক অনুমতিপত্র ছাড়াই এলসি খুলে উদ্ভিদ ও উদ্ভিদজাত পণ্য আমদানি করছেন। এতে একদিকে আমদানি পণ্যের গুণগতমান বজায় রাখা কঠিন হচ্ছে, অন্যদিকে নিরাপদ ও ঝুঁকিমুক্ত কৃষিজাত পণ্য আমদানি কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত ঘটছে।