গাজীপুরে কারখানা চালুর দাবিতে অবরোধ বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে কারখানা চালুর দাবি
গাজীপুরে কারখানা চালুর দাবি

বন্ধ কারখানা চালু, শ্রমিক নেতার ওপর হামলাকারীদের শাস্তি ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুর নগরের পানিশাইল, টঙ্গী এবং পুরান ঢাকার ওয়াইজঘাট এলাকায় গতকাল শনিবার বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে কয়েকটি কারখানায় আজ রোববার ছুটি ঘোষণা করা হয়েছে।গাজীপুরে শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, নগরের পানিশাইল এলাকার মাছিহাতা সোয়েটার কারখানায় গত বুধবার শ্রমিকনেতা আমিনুল ইসলামের নেতৃত্বে শ্রমিকেরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন। তাঁরা অনিয়মের অভিযোগ এনে কারখানার সহকারী উৎপাদন কর্মকর্তা জহিরুল ইসলামকে বরখাস্তের দাবি জানান। বুধবার রাত আটটার দিকে জহিরুল লোকজন নিয়ে আমিনুলের ওপর হামলা চালান। পরে আশপাশের লোকজন আহত আমিনুলকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাঁর ওপর হামলার খবর কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকেরা বিক্ষোভ ও ভাঙচুর করেন। পরদিন বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।কারখানা খুলে দেওয়া ও জহিরুলের শাস্তির দাবিতে গতকাল সকালে কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। তাঁদের সঙ্গে আরও কয়েকটি কারখানার শ্রমিক যোগ দেন। সকাল সাড়ে নয়টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করেন। এ সময় শিল্প পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলে তাঁরা আরও উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের লাঠিপেটা করে। এ সময় দুই পক্ষে সংঘর্ষ শুরু হলে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও গরম পানি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে পুলিশের সাত সদস্যসহ প্রায় ৫০ জন আহত হন। শ্রমিকেরা সরে গেলে বেলা দেড়টার দিকে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের অবরোধের কারণে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।মাছিহাতা সোয়েটার কারখানার শ্রমিক লিংকিং অপারেটর ইমরান হোসেন অভিযোগ করেন, তাঁরা উৎপাদিত পণ্যের মজুরি বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। কর্তৃপক্ষ দাবি না মেনে উল্টো তাঁদের চাকরিচ্যুতি ও হামলার হুমকি দিচ্ছে। ১০ জুলাই কারখানার এক কর্মকর্তার সঙ্গে তাঁদের বাগিবতণ্ডার একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা জহিরুলকে লাঞ্ছিত করেন। এর জের ধরে শ্রমিক আমিনুলকে মারধর করা হয়। এ ঘটনার পর কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে। ঈদের আগে কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হন।কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) সনদ সাহা জানান, শ্রমিকদের দাবি-ধাওয়া নিয়ে আলোচনা চলছে।  গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. শওকত কবির জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯০টি গুলি ও ৭০টি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। শ্রমিক বিক্ষোভের কারণে মাছিহাতা কারখানার আশপাশের অন্তত ১০টি কারখানা শনিবার ছুটি ঘোষণা করা হয়। মজুরি বাড়ানোর দাবিতে টঙ্গীর বড় দেওড়া ফকির মার্কেট এলাকায় সকালে ইউরোবাংলা সোয়েটার কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। বিক্ষোভের একপর্যায়ে মালিক পক্ষের লোকজনের সঙ্গে শ্রমিকদের হাতাহাতি হয়। শ্রমিকদের দাবি, তাঁরা প্রতিটি সোয়েটার তৈরির জন্য ৩০ টাকা পান। কয়েক দিন ধরে তাঁরা প্রতি সোয়েটারে ১০ টাকা বাড়ানোর দাবি জানিয়ে আসছে। শিল্প পুলিশ জানায়, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে প্রতি সোয়েটারে পাঁচ টাকা বৃদ্ধির ব্যাপারে উভয় পক্ষ সমঞ্চত হয়। কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. জিহাদ বলেন, শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে। এদিকে পুরান ঢাকার ওয়াইজঘাটে গতকাল প্রগতি ফ্যাশন ওয়ার লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবাদে সকালে কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকেরা। শ্রমিকেরা অভিযোগ করেন, ঈদের সময় বেতন-ভাতা ও বোনাস না দিয়ে পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়েছে। কারখানার শ্রমিক মেহেরজান বেগম জানান, আট দিন আগে মালিকপক্ষ কারখানাটি সংস্কার করা হবে বলে আমাদের এক সপ্তাহ ছুটি দিয়ে শনিবার (গতকাল) কাজে যোগ দিতে বলে। সকালে কারখানায় ঢুকতে গেলে দারোয়ান শ্রমিকদের বাধা দিয়ে বলেন, কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

 প্রগতি ফ্যাশনের সহকারী ব্যবস্থাপক (এজিমএম) মো. আজাদী অবশ্য দাবি করেন, শ্রমিকদের অভিযোগ সঠিক নয়। সম্প্রতি রাজউক কর্তৃপক্ষ আল ফেসানী মার্কেট ভবন পরিত্যক্ত ঘোষণা করেছে। এ ভবনের দ্বিতীয়, তৃতীয় ও ষষ্ঠ তলায় প্রগতি ফ্যাশন। ঝুঁকির কারণে সাময়িকভাবে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এটি অন্যত্র সরিয়ে সব শ্রমিককে সুযোগ দেওয়া হবে। এ ছাড়া শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে বলেও তিনি দাবি করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।