গাজীপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় গতকাল সোমবার বিকেলে শ্রমিক-পুলিশ সংঘর্ষে দুই পোশাককর্মী নিহত হয়েছেন। তাঁরা হলেন জিএমএস নিট কম্পোজিট তৈরি পোশাক কারখানার বাদশা মিয়া (২৫) ও রুমা আক্তার (২২)। এ ছাড়া সংঘর্ষে আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

এদিকে ন্যূনতম মজুরি নিয়ে সৃষ্ট অসন্তোষের জের ধরে গতকালও ঢাকার অদূরে সাভার, আশুলিয়া, টঙ্গীসহ কয়েকটি স্থানে বিক্ষোভ হয়েছে। পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে আশুলিয়ার শিমুলতলা থেকে ছয়তলা পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় দেড় ঘণ্টা চলা সংঘর্ষে আহত হন অর্ধশত শ্রমিক। ছুটি ঘোষণা করা হয় ৩০টি কারখানায়।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, মজুরি বৃদ্ধির দাবিতে জেলার কাশিমপুর ও কোনাবাড়ীতে কয়েক দিন ধরে চলা শ্রমিক অসন্তোষের কারণে গতকাল সকাল থেকে এসব স্থানে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার সামছুর রহমান জানান, শ্রমিক অসন্তোষের কারণে কোনাবাড়ী ও কাশিমপুর এলাকায় শতকরা ৯০ ভাগ কারখানা গতকালের জন্য ছুটি দিয়ে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জিএমএস নিট কম্পোজিট কারখানার শ্রমিকেরা গতকাল বেলা দুইটার দিকে মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি এবং পরে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানায় ভাঙচুর চালান। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের ধাওয়া করে। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

জানা গেছে, লাঠিপেটা ও গুলিতে পথচারী, শ্রমিকসহ কমপক্ষে ৩৫ জন আহত হন। তাঁদের মধ্যে অন্তত ১০ শ্রমিক গুলিবিদ্ধ হন। তাঁরা সবাই ওই কারখানার শ্রমিক। গুলিবিদ্ধ শ্রমিকদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গুলিবিদ্ধরা হলেন: সাবিনা, শরীফ, আমির হামজা, সাদেক, জাবেদ, শফিকুল ইসলাম, আকতার, শাহজাহান মিঞা, জসিম ও আবু তাহের।

এদিকে দেলোয়ার নামের আহত এক শ্রমিকসহ কয়েকজন শ্রমিক বলেন, পুলিশ গুলি চালানোর পর বাদশা মিয়া গুলিতে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে ভর্তি হওয়া আহত শ্রমিকদের কয়েকজনও একই কথা জানান। কিন্তু গাজীপুর থানার পুলিশ দাবি করেছে, বাদশা তাদের গুলিতে মারা যাননি। সংঘর্ষে আহত হয়েই তিনি মারা গেছেন। চিকিৎসকের মৃত্যুসনদেও গুলিবিদ্ধ হওয়ার কথা উল্লেখ নেই। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, পুলিশের চাপে হাসপাতাল কর্তৃপক্ষ বাদশার গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি এড়িয়ে গেছে।

অন্যদিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সংঘর্ষে আহত শ্রমিক রুমা আক্তার। শ্রমিকদের দাবি, রুমা পুলিশের গুলিতেই আহত হয়ে মারা গেছেন। জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক সাইফুল ইসলাম রুমা আক্তারের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে তিনি বলেন, রুমা হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে আহত হয়ে মারা যান।

জিএমএস নিট কম্পোজিট কারখানার শ্রমিকদের দাবি, গতকাল দুপুরে কারখানার কর্তৃপক্ষ এক নারী শ্রমিককে মারধর করে। ওই খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তাঁরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ শুরু হলে বাইরে থেকে ফটক বন্ধ করে দেওয়া হয়। এ সময় শ্রমিকেরা ফটক ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ ও আনসার সদস্যরা গুলি চালান। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।

আহত শ্রমিকদের সূত্রে জানা গেছে, কারখানার একজন লাইনপ্রধান তৃতীয় তলায় কর্মরত একজন শ্রমিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন—এ খবরে দুপুরের খাবারের পর শ্রমিকেরা ক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে তাঁরা মিছিল করার জন্য কারখানার সদর দরজা থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁদের লক্ষ্য করে গুলি করা হয়। গুলির পর কারখানার প্রায় ১০ হাজার শ্রমিক ভবন থেকে বেরিয়ে পড়েন। এ সময় তাঁরা মিছিল শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।

আহত শ্রমিক দেলোয়ার হোসেন দাবি করেন, সহকর্মী লাঞ্ছিত হওয়ার পর এর কোনো প্রতিকার না পাওয়ায় তাঁরা নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ করেন। কিন্তু পুলিশ ও কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা মালিকপক্ষের প্ররোচনায় নির্বিচারে গুলি চালিয়েছেন। এ সময় অর্ধশতাধিক শ্রমিক আহত হন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম একজন শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও দফায় দফায় হামলা চালানোর চেষ্টা করেন। এতে নিরুপায় হয়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ ব্যাপারে কথা বলতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বশীল কারও বক্তব্যই জানা যায়নি।

বিভিন্ন স্থানে বিক্ষোভ, বিজিবি মোতায়েন: শ্রমিক নিহত হওয়ার ঘটনার আগে গতকাল সকাল থেকেই সাভার, আশুলিয়া এবং গাজীপুরের কাশিমপুর ও কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবির সদস্য মোতায়েন করা হয়। মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মজুরিকাঠামোর দ্রুত বাস্তবায়নের দাবিতে এসব স্থানে বিক্ষোভ হয়। শ্রমিকেরা তাঁদের খাওয়ার খরচ ও হাজিরা বোনাস নতুন কাঠামোয় অন্তর্ভুক্ত হয়েছে কি না, সে বিষয়টিও জানানোর দাবি তোলেন।

এসব দাবিতে সকালে বিক্ষোভ-মিছিল শেষে আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধ করতে যান বিভিন্ন কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের দফায় দফায় সংঘর্ষ বাধে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অর্ধশত শ্রমিক আহত হন। সাভারের হেমায়েতপুরেও পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করেছেন।

টঙ্গীতে কয়েকটি পোশাক কারখানায় গতকালও শ্রমিকেরা বিক্ষোভ ও অবরোধ করেছেন। এর পরিপ্রেক্ষিতে আউচপাড়া ও সাতাইশ এলাকার প্রায় ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। সকালে আউচপাড়ার পার্ল প্রিন্স কারখানার শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা চেরাগআলী-দেওড়া সড়কে মিছিল করেন। এ সময় একই সড়কে অবস্থিত সিনকি গার্মেন্টস লিমিটেড, ডাল নিটওয়্যার, বিল্লাহ গার্মেন্টসসহ প্রায় ১০টি কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন। সাতাইশ এলাকার মাসকো কটন কারখানায়ও বিক্ষোভ হয়েছে। পরে এখানকার প্রায় ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।