গাজীপুরে পোশাকশিল্প পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি গতকাল সোমবার রাজধানীর অদূরে আশুলিয়ার নরসিংহপুরে হা-মীম গ্রুপের এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ডায়িং কারখানা পরিদর্শন করেছেন। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিষ্ঠান কোহ্লস গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গেরি মরোসহ আট সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।মার্কিন রাষ্ট্রদূতসহ কোহ্লস গ্রুপের প্রতিনিধিদলকে কারখানায় স্বাগত জানান হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ ও উপব্যবস্থাপনা পরিচালক লে. কর্নেল (অব.) দেলোয়ার হোসেন।এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেমস এফ মরিয়ার্টি বলেন, বাংলাদেশে তৈরি পোশাকশিল্প খাতের বিপুল সম্ভাবনা আছে। এ দেশের পোশাকের মানও ভালো। যুক্তরাষ্ট্রের অনেক ব্যবসায়ী বাংলাদেশের তৈরি পোশাকের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন।হা-মীম গ্রুপের উত্পাদন পরিচালক সুনীল কুমার সরকার বলেন, কোহ্লস গ্রুপ পোশাক খাতে যুক্তরাষ্ট্রের একটি নামকরা প্রতিষ্ঠান। আশা করা যাচ্ছে, এবার তারা বড় একটি রপ্তানি আদেশ দেবে।