গাজীপুরে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুল ব্যাংকিং বিষয়ে আয়োজিত কনফারেন্সে অতিথিদের সঙ্গে কুইজ বিজয়ী শিক্ষার্থীরা।
স্কুল ব্যাংকিং বিষয়ে আয়োজিত কনফারেন্সে অতিথিদের সঙ্গে কুইজ বিজয়ী শিক্ষার্থীরা।

ছোটবেলা থেকে যাদের সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠে তারাই ভবিষ্যতে এগিয়ে যেতে পারে। আনন্দ আয়োজনের মাধ্যমে গাজীপুরের সহস্রাধিক শিক্ষার্থী স্কুল ব্যাংকিং বিষয়ে আয়োজিত এক কনফারেন্সে বক্তারা এই অভিমত তুলে ধরেন। দুই দুইবার এভারেস্ট বিজয়ী এম এ মুহিত, বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক হাবিবুল বাশার সুমন তাদের ছোটবেলার সঞ্চয়ের অভ্যাসের কথা তুলে ধরেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ২৭টি ব্যাংকের উদ্যোগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনায় আজ শনিবার গাজীপুর রাজবাড়ি মাঠে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। গাজীপুরের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

সকালের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস. এম. আলম এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট-এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিম। সভাপতিত্ব করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক গৌতম প্রসাদ দাস।

স্কুল ব্যাংকিং কনফারেন্সে বিশেষ পরিবেশনা মুগ্ধ করে সবাইকে।
স্কুল ব্যাংকিং কনফারেন্সে বিশেষ পরিবেশনা মুগ্ধ করে সবাইকে।

দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ব্যাংকিং ও সঞ্চয়ের মনোভাব সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি তাদের মধ্যে বই পড়া, বিজ্ঞান গবেষণায় আত্মনিয়োগ করা ও সর্বোপরি দেশের জন্য নিজেদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার আহ্বান জানান বিশিষ্ট বিজ্ঞানী ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন প্রধান বিজ্ঞানী ড. রেজাইর রহমান, বিখ্যাত জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নোভা আহমেদ, বিএএফ শাহীন স্কুলের শিক্ষক তানিয়া কামরুন নাহার প্রমুখ। শিক্ষার্থীদের বিজ্ঞানের কিছু মজার পরীক্ষণ করতে সাহায্য করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সদস্যরা। অনুষ্ঠানে গান গেয়ে শানায় খুদে গানরাজ ও গাজীপুরের স্বপ্নিল ও দেশাত্মবোধক গানের সঙ্গে নাচ পরিবেশন করে নৃত্যরং। এই আয়োজনে সার্বিক সহায়তা করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও সহযোগী হিসাবে ছিল দৈনিক প্রথম আলো ও এটিএন বাংলা। অনুষ্ঠানের শেষে কুইজ বিজয়ী ৪০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসাবে বই তুলে দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ২৭টি ব্যাংকের উদ্যোগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনায় এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ২৭টি ব্যাংকের উদ্যোগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনায় এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বিগত ০৩ অক্টোবর, ২০১৬ ইং তারিখে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক কর্তৃক আয়োজিত সভায় লিড ব্যাংক পদ্ধতির মাধ্যমে দেশের সকল জেলার ছাত্র-ছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক সেবা প্রচার কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সে আলোকে জেলায় জেলায় এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।