গাড়ি আমদানিতে দীর্ঘস্থায়ী শুল্ক নীতিমালার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো গাড়ি আমদানির ক্ষেত্রে প্রতিবছর শুল্ক কাঠামো পুনর্বিন্যাস না করে অন্তত তিন থেকে পাঁচ বছর মেয়াদি শুল্কনীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। এতে গাড়ির ক্রেতা-বিক্রেতাদের মধ্যে অস্থিরতা কমবে। এ খাতে স্থিতিশীলতাও ফিরে আসবে।

পুরোনো গাড়ি বিপণনে জড়িত ব্যবসায়ীদের সংগঠন ‘বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন-বারভিডার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সরকারের কাছে এ আহ্বান জানান ব্যবসায়ীরা। আজ শনিবার রাতে নগরের হল-২৪ মিলনায়তনে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে গাড়ি ব্যবসায়ীরা বলেন, ৩৭ বছর আগে দেশে পুরোনো গাড়ি আমদানি শুরু হয়েছিল। বর্তমানে এই খাতটি দেশের উন্নয়নে অবদান রাখছে। অনুষ্ঠানে নতুন প্রজন্মের পুরোনো হাইব্রিড প্রযুক্তির গাড়ি আমদানির অনুমতি প্রদান এবং গণপরিবহনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য পুরোনো মাইক্রোবাসের ওপর সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং জাপান থেকে আমদানি করা পুরোনো গাড়ির বয়সসীমা ন্যূনতম আট বছর করার দাবি জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রমুখ। বারভিডার সভাপতি হাবিব উল্লাহ ডনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী।