গাড়ি তৈরির কারখানা হচ্ছে রাজশাহীতে
রাজশাহীতে ব্যাটারিচালিত অটোকার তৈরির কারখানা হচ্ছে। এই গাড়ি রপ্তানি হবে ইউরোপ ও আমেরিকায়। এ জন্য কোরিয়ার তিনটি মোটরযান নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশের এনা গ্রুপ।
রাজশাহী চেম্বার মিলনায়তনে গতকাল এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হক। তিনি জানান, রাজশাহীতে অটোকার তৈরির কারখানা স্থাপনের জন্য গত মার্চে দক্ষিণ কোরিয়ার মোটরযান নির্মাতা প্রতিষ্ঠান জিনওয়া, বিএমজি ও কেআরডব্লিউর সঙ্গে এনার চুক্তি হয়েছে।
সভায় জানানো হয়, রাজশাহী বিসিক এলাকায় কারখানাটি স্থাপন করা হবে। এতে বিনিয়োগ হচ্ছে ৩০ কোটি মার্কিন ডলার।
সভায় বক্তব্য দেন রাজশাহী চেম্বারের সাবেক সভাপতি মোহাম্মদ আলী ও আবু বাক্কার আলী, কোরিয়ার বিএমজির প্রেসিডেন্ট কিম কানুসাব মোর, কেআরডব্লিউর চেয়ারম্যান চিও সুনজওন। এতে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি মনিরুজ্জামান।