গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিং পণ্যমেলা শুরু হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানি বাণিজ্যকে বহুমুখীকরণ ও সম্প্রসারণের জন্য ষষ্ঠবারের মতো তৈরি পোশাকের সহায়ক পণ্য বা গার্মেন্টস এক্সেসরিজ ও মোড়কীকরণের সঙ্গে সংশ্লিষ্ট বা প্যাকেজিং পণ্যের মেলা গ্যাপেক্সপো-২০১৪ কাল বুধবার শুরু হচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কাল মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন।
গ্যাপেক্সপোর পাশাপাশি একই সঙ্গে ১৪০তম ‘গার্মেন্টেক’ ও ষষ্ঠ ‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস সোর্সিং ফেয়ার’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী এই তিন মেলায় দেশি-বিদেশি ৩০০ প্রতিষ্ঠানের ৬৩২টি স্টল থাকবে। বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ), জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল এবং ভারতের প্রতিষ্ঠান এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন সম্মিলিতভাবে মেলাটি আয়োজন করছে।
মেলায় ভারত, চীন, তাইওয়ান, অস্ট্রেলিয়া, জার্মানি, সংযুক্ত আরব আমিরাতসহ ৩০টি দেশের প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো তৈরি পোশাকের সহায়ক পণ্য ও মোড়কীকরণের যন্ত্রপাতি, কাঁচামাল ও উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করবে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিজিএপিএমইএর সভাপতি রাফেজ আলম চৌধুরী। তিনি বলেন, ‘মেলার মাধ্যমে উদ্যোক্তারা গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হবেন। ফলে ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটি সেতুবন্ধ সৃষ্টি হবে।’
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এসব পণ্য আগে বিদেশ থেকে আমদানি হলেও এখন দেশেই তৈরি হয়। পোশাকসহ অন্য শিল্পের সঙ্গে প্রচ্ছন্ন ও সরাসরি রপ্তানি হচ্ছে। গত ২০১৩-১৪ অর্থবছরে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪৭০ কোটি ডলার। সরকারের যৌক্তিক নীতি-সহায়তা পেলে ২০১৮ সালে এ খাত থেকে বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ ১ হাজার ২০০ কোটি ডলারে দাঁড়াবে।
বিজিএপিএমইএ সদস্যভুক্ত শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প রয়েছে প্রায় ১ হাজার ৩০০। এসব প্রতিষ্ঠানে পলিব্যাগ, হ্যাঙ্গার, ইলাস্টিক, বোতাম, বোতাম ট্যাগ, কলার স্ট্যান্ড, বাটারফ্লাই, লেবেল, করোগেটেড কার্টন, জিপার, হ্যাংটেগ, ব্যাক বোর্ড, নেক বোর্ড, সুইং থ্রেড, ইত্যাদি পণ্য উৎপাদিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি মাজহারুল হক শহীদ, মোয়াজ্জেম হোসেন, আবদুল কাদের খান, এসকে ট্রেডের পরিচালক নন্দ গোপাল, জাকারিয়া ট্রেডের প্রধান নির্বাহী কর্মকর্তা টিপু সুলতান ভূঁইয়া, মেলা কমিটির চেয়ারম্যান হাসানুল করিম প্রমুখ।