শিল্পমন্ত্রীর সঙ্গে জাপানের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
গাড়ি উৎপাদনে জাপানি বিনিয়োগ চায় বাংলাদেশ
বাংলাদেশে গাড়ি উৎপাদনে জাপানি কোম্পানিগুলোকে বিনিয়োগ করার অনুরোধ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। জাপানি কোম্পানিগুলোকে এ বিষয়ে উৎসাহিত করতে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবেকে অনুরোধ করেন তিনি।
জাপানি উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ সরকার একটি অর্থনৈতিক অঞ্চল (ইজেড) প্রতিষ্ঠা করছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, এ অর্থনৈতিক অঞ্চলে জাপানের স্বনামধন্য উদ্যোক্তারা বিনিয়োগে এগিয়ে আসতে পারেন। বিনিয়োগ করলে জাপান বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে মানসম্মত পণ্য রপ্তানি করতে পারবে বলে তিনি মন্তব্য করেন।
জাপানের রাষ্ট্রদূত গতকাল বুধবার বিদায়ী সাক্ষাৎ করতে গেলে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত তাঁদের বৈঠকে বাংলাদেশের শিল্প খাতের জাপানি বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, জাপানি কারখানা বাংলাদেশে স্থানান্তরসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
শিল্পসচিব মোহাম্মদ আবদুল্লাহ, অতিরিক্ত সচিব বেগম পরাগ ও দাবিরুল ইসলাম, বিসিআইসির চেয়ারম্যান শাহ মো. আমিনুল হক, বিএসএফআইসির চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেনসহ শিল্প মন্ত্রণালয় ও জাপান দূতাবাসের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থবহ দ্বিপক্ষীয় উন্নয়ন সম্পর্কের সূচনা হয়। এর ধারাবাহিকতায় জাপান বঙ্গবন্ধু বহুমুখী সেতু নির্মাণ, পদ্মা সেতুর প্রাক্-সমীক্ষা, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করে আসছে। মন্ত্রী বাংলাদেশে মোটরগাড়ি উৎপাদন শিল্পে বিনিয়োগে এগিয়ে আসতে বিদায়ী রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ সব সময় জাপানি বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে থাকে। জাপানি নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে। তিনি মালয়েশিয়ায় জাপানি বিনিয়োগে স্থাপিত ও বর্তমানে বন্ধ থাকা সনি কারখানা বাংলাদেশে স্থানান্তরের জন্যও রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।
জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনে সহায়তার জন্য শিল্পমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ সরকার ও জনগণের কর্মতৎপরতা, সৃজনশীলতা ও বন্ধুবৎসল গুণের প্রশংসা করেন। তিনি বাংলাদেশ থেকে অধিক পরিমাণে পণ্য আমদানি এবং বাংলাদেশের মোটরযান উৎপাদন শিল্পে বিনিয়োগে এগিয়ে আসতে জাপানি উদ্যোক্তাদের উৎসাহিত করবেন বলে প্রতিশ্রুতি দেন।