গাড়ি-বাড়ি কেনা হয়েছে, প্রকল্প এগোয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও পাঁচ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা সম্ভব হয়নি। অথচ প্রকল্পটি দেড় বছরে শেষ হওয়ার কথা ছিল। দুই দফা সময় বাড়ানোর পর এখন তৃতীয় দফা বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন। ১৯২ কোটি টাকার প্রকল্পে খরচ হয়েছে মাত্র পৌনে পাঁচ কোটি টাকা। এ টাকার বেশির ভাগই খরচ করা হয়েছে যানবাহন, আবাসিক ভবন, আসবাব কেনায়। কিন্তু প্রকল্পের মূল কাজ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ঠিকাদারই নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।

>১৯২ কোটি টাকার প্রকল্পে খরচ হয়েছে মাত্র পৌনে পাঁচ কোটি টাকা

এ ঘটনা ঘটেছে কাপ্তাইয়ে পাঁচ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক পরিদর্শন প্রতিবেদনে এ প্রকল্পটির এ চিত্র উঠে এসেছে।
২০১২ সালের মার্চ মাসে প্রকল্পটি শুরু হয়। তখন মেয়াদ ছিল দেড় বছর। বাস্তবায়ন না হওয়ায় পরে এক দফায় এক বছর; পরের দফায় তিন বছর বাড়িয়ে ২০১৬ সালের ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা। গত ৭ থেকে ৯ অক্টোবর আইএমইডির একটি প্রতিনিধিদল প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন করে। সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, কাপ্তাইয়ে মূল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজই শুরু হয়নি। প্রকল্পের কর্মীদের বাসস্থানের জন্য ডরমিটরি বা বাসস্থান তৈরি হয়েছে। ডরমিটরির আসবাবপত্রও কেনা হয়ে গেছে। এ ছাড়া একটি করে জিপ, পিকআপ ও মোটরসাইকেল কেনা হয়েছে। ডরমিটরি, আসবাবপত্র, গাড়ি—সবই আরও এক বছর আগেই কেনা হয়েছে। এসব কিনতে খরচ হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। আর পরামর্শক-সেবা, কাঁটাতারের বেড়াসহ অন্যান্য খাতে খরচ দুই কোটি টাকার বেশি। মূল বিদ্যুৎকেন্দ্রের কাজই শুরু হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব (নবায়নযোগ্য জ্বালানি) সিদ্দিক জুবায়ের প্রথম আলোকে জানান, এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য গত বছর একটি বিদেশি কোম্পানিকে চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু বারবার নোটিশ দেওয়ার পরও ওই কোম্পানি ‘বিড বন্ড’ দেয়নি। এখন আবার নতুন প্রতিষ্ঠান নির্বাচনের বিষয়টি প্রক্রিয়াধীন। তাঁর মতে, যেহেতু এ দেশে এখনো নবায়নযোগ্য জ্বালানির কোনো বিদ্যুৎকেন্দ্র তৈরি করে বিদ্যুৎ উৎপাদনের অভিজ্ঞতা হয়নি, তাই এ ধরনের প্রকল্পে অর্থায়নে দাতাদের নানা শর্ত থাকে। এসব শর্ত পূরণে দীর্ঘসূত্রতা তৈরি হয়। আবার যে প্রতিষ্ঠান এসব বিদ্যুৎকেন্দ্রের মালিক হবে, সরকার ওই প্রকল্পের ঋণের অর্থ পরিশোধের নিশ্চয়তা দেয় না। এটি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে অন্যতম বড় সমস্যা।
আইএমইডির প্রতিবেদনে পাঁচ বছরে কীভাবে সময়ক্ষেপণ করা হয়েছে, এ বিবরণ দেওয়া হয়েছে। আইএমইডির প্রতিবেদন অনুযায়ী, প্রকল্প অনুমোদনের পর বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের জন্য পরামর্শক নিয়োগে প্রায় ১১ মাস লেগেছে। নিয়োগ দেওয়া হয়েছে ২০১৩ সালের ২২ এপ্রিল। শুধু পরামর্শক নিয়োগ দিতেই প্রকল্পের মূল মেয়াদের দুই-তৃতীয়াংশ সময় চলে যায়। এরপর পরামর্শকের পরামর্শ অনুযায়ী, দরপত্র দলিল প্রণয়ন, দরপত্র আহ্বান ও উন্মুক্তকরণ—এ তিন প্রক্রিয়া সম্পন্ন করতে আরও প্রায় ১৭ মাস ব্যয় করা হয়েছে। দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানের কারিগরি ও আর্থিক মূল্যায়ন সম্পন্ন করতে আরও ছয় মাস লাগে। এভাবে এ প্রকল্পে সময় গেছে, কিন্তু প্রকল্পের কাজ আর শুরু করা সম্ভব হয়নি।
এ প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১৫৭ কোটি টাকা অর্থায়ন করছে। গত অর্থবছরে আট কোটি টাকা বরাদ্দ থাকলেও এ প্রকল্পে কোনো টাকা খরচ হয়নি। চলতি অর্থবছরে আট কোটি টাকা বরাদ্দ আছে। এর মধ্যে বেতন-ভাতায় আরও ১০ লাখ টাকা রয়েছে। সরকার ২০২০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।