গাড়ি-বাড়িসহ ভোক্তা ঋণ আরও নিরুৎসাহিত হলো
ভোক্তা পর্যায়ে ঋণ ব্যাপকভাগে নিরুৎসাহিত করতে গতকাল নতুন একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংক থেকে বাড়ি-গাড়িসহ ভোক্তা পর্যায়ের ঋণ পাওয়া আগের চেয়ে কঠিন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। এত দিন মোটরগাড়ি ক্রয়ের জন্য ঋণসহ সব ধরনের ভোক্তাঋণের ক্ষেত্রে ব্যাংকের অংশ ও গ্রাহকের অংশ ছিল সমান সমান (৫০: ৫০)। তবে গতকাল এক সার্কুলারে এই অনুপাত পরিবর্তন করে করা হয়েছে ৩০: ৭০। অর্থাৎ গাড়ি বা ভোগ্যপণ্য ক্রয়ের জন্য ঋণ নিতে হলে ওই পণ্যের মূল্যের সর্বোচ্চ ৩০ শতাংশ ব্যাংক থেকে ঋণ হিসেবে পাওয়া যাবে। বাকি ৭০ শতাংশ গ্রাহককে অর্থায়ন করতে হবে।এর ফলে মোটরগাড়িসহ বিভিন্ন ভোগ্যপণ্যে ঋণের প্রবাহ খানিকটা হ্রাস পাবে বলে বাংলাদেশ ব্যাংক মনে করছে। একই সার্কুলারে ভোক্তাঋণের আওতায় গৃহায়ণ খাতে অর্থায়নের ক্ষেত্রে ঋণ-মার্জিন অনুপাত ধার্য করা হয়েছে ৭০: ৩০। অর্থাৎ মোট মূল্যের সর্বোচ্চ ৭০ শতাংশ ব্যাংকঋণ থেকে অর্থায়ন করা যাবে। এতোদিন গৃহায়ন ঋণের ক্ষেত্রে এই অনুপাত ছিল ৮০:২০। অর্থাৎ এখন থেকে জমি বা বাড়ির জন্য ঋণ দিতে হলে গ্রাহকের অংশ বেশি হতে হবে।সুদ হারের ব্যবধানদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ ও আমানতের সুদের হারের মধ্যকার ব্যবধান নিম্নতর পর্যায়ে এক অঙ্কে বজায় রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, ‘উচ্চতর ঝুঁকিবাহী ভোক্তাঋণ (ক্রেডিট কার্ড ঋণসহ) ও এসএমই ঋণ ছাড়া অন্য খাতে ঋণের সুদের হার এবং আমানত সংগ্রহের গড়ভারিত সুদের হারের ব্যবধান বা নিম্নতর এক অঙ্কের পর্যায়ে সীমিত রাখার জন্য নির্দেশনা দেওয়া যাচ্ছে।’যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নিম্নতর পর্যায় বলতে মূলত পাঁচ শতাংশীয় পয়েন্টকে বোঝানো হয়েছে। অর্থাৎ যদি আমানতের সুদের হার ১১ দশমিক ৫০ শতাংশ হলে ঋণের সুদের হার সর্বোচ্চ সাড়ে ১৬ শতাংশ হতে হবে। এর ফলে দুই ধরনের সুদের হারের মধ্যকার ব্যবধান হবে পাঁচ শতাংশীয় পয়েন্ট।এর আগে চলতি মাসেই রপ্তানি ও কৃষিঋণ ছাড়া অন্য সব খাতে ব্যাংকঋণের সুদের হারের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করা হয় এবং এসব খাতে ঋণের সুদের হার নির্ধারণের বিষয়টি পুরোপুরি ব্যাংকগুলোর ওপর ছেড়ে দেওয়া হয়। তবে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, এই স্বাধীনতাটি সব ক্ষেত্রে খুব সুবিবেচিত, যৌক্তিকভাবে ব্যবহার করা হচ্ছে না বলে ব্যবসায়ী মহল থেকে অভিযোগ শোনা যাচ্ছে।বস্তুত ঋণের ঊর্ধ্বসীমা তুলে নেওয়ার পর বিভিন্ন ব্যাংক আমানত সংগ্রহের জন্য সুদের হার বাড়াতে শুরু করেছে। আমানতে বর্ধিত সুদের হারের প্রভাবে ঋণের সুদের হারও বাড়তে শুরু করেছে।ঋণের সুদের হার বেড়ে যাওয়ায় ব্যবসায়ী মহল থেকে ইতিমধ্যেই আপত্তি উঠেছে। তাঁরা বলছেন, চড়াসুদে ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্যে অর্থায়ন ব্যয়বহুল হয়ে পড়বে। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক গতকাল এ নির্দেশনা জারি করল।এর আগে বিশ্বমন্দার সময় বাংলাদেশ ব্যাংক ২০০৮ সালের এপ্রিল মাসে এক প্রজ্ঞাপনের মাধ্যমে কৃষি খাত, বৃহৎ ও মাঝারিশিল্পেগু মেয়াদি ঋণ, চলতি মূলধন ঋণ, গৃহায়ণ ও বাণিজ্য অর্থায়ন ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ সুদের হার ১৩ শতাংশ নির্ধারণ করে দেয়। একই বছরের জুন মাসে অন্য এক প্রজ্ঞাপনে অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দেওয়া ব্যাংকঋণের সুদের হারও সর্বোচ্চ ১৩ শতাংশে বেঁধে দেওয়া হয়।