প্রস্তাবিত বাজেটে বিযুক্ত অবস্থায় গাড়ির যন্ত্রাংশ আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। এতে মোটরগাড়ি সংযোজনকারী খাত অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
প্রস্তাবিত বাজেটে বিযুক্ত, ইঞ্জিনের সঙ্গে চেসিস সংযুক্ত এবং চেসিস ও ইঞ্জিনযুক্ত গাড়ির বডি আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। মোটরগাড়ির সিলিন্ডার ক্যাপাসিটিভেদে সম্পূরক শুল্ক দুই থেকে প্রায় ছয় গুণ পর্যন্ত বাড়ানো হয়।
দেশে বর্তমানে সরকারি খাতে প্রগতি ও বেসরকারি খাতে পিএইচপির মোটরগাড়ি সংযোজন কারখানা রয়েছে। সম্পূরক শুল্ক আরোপের কারণে সরকারি-বেসরকারি দুটি শিল্পকারখানা বিপাকে পড়েছে।
উদ্যোক্তারা বলছেন, ইঞ্জিনের সঙ্গে চেসিস সংযুক্ত অবস্থায় মোটরগাড়ির যন্ত্রাংশ আমদানিতে ১৬০০ সিসি পর্যন্ত সম্পূরক শুল্ক ছিল শূন্য। এখন তা ২৫ শতাংশ করা হয়েছে। এ হিসাবে সর্বনিম্ন স্তরে আগে যেখানে শুল্ক কর ছিল প্রায় ৫৯ শতাংশ, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ শতাংশ। আবার এই ক্যাটাগরিতে গাড়ির সিলিন্ডার ক্যাপাসিটিভেদে ৬০, ১৫০, ৩০০ ও ৩৫০ শতাংশ পর্যন্ত সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে।
একইভাবে ইঞ্জিন ও চেসিসসহ গাড়ির বডি আমদানিতে সর্বনিম্ন স্তরে শুল্ক কর প্রায় ৫৯ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ দশমিক ৮০ শতাংশ করা হয়েছে।
পিএইচপি গ্রুপ বলছে, সম্পূরক শুল্ক বাড়ানোর কারণে গাড়ি সংযোজন খাতে তাদের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে।
পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, গত ১৫ বছরের শুল্ক করের হার দেখে তাঁরা গাড়ি সংযোজন কারখানায় বিনিয়োগ করেছেন। শুল্কহার পরিবর্তনের কারণে তাঁদের প্রায় ৬০০ কোটি টাকার বিনিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তিনি জানান, নতুন শুল্কহার অনুযায়ী ১৬০০ সিসির প্রোটন ব্র্যান্ডের গাড়ি সংযোজন করতে ১০ থেকে ১২ লাখ টাকা বেশি খরচ হবে, যা বাজারে টিকে থাকা কঠিন হবে। চট্টগ্রামের সাগরিকা শিল্প এলাকায় পিএইচপির কারখানায় এখন পরীক্ষামূলকভাবে মালয়েশিয়ার প্রোটন ব্র্যান্ডের গাড়ি সংযোজন করা হচ্ছে বলে তিনি জানান।
সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজও প্রতিযোগিতার মুখে পড়ছে। প্রগতি বিযুক্ত অবস্থায় গাড়ির যন্ত্রাংশ আমদানি করে সীতাকুণ্ডের কারখানায় সংযোজন করছে।
প্রগতির ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের সরদার প্রথম আলোকে বলেন, প্রগতি ২৪৭৭ সিসির পাজেরো জিপ গাড়ি সংযোজন করছে। এই স্তরে সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫০ শতাংশ করা হয়েছে। এ হিসাবে প্রতিটি গাড়ির দাম বাড়বে ৩০ লাখ টাকা। গাড়ির দাম বাড়লে প্রতিযোগিতা-সক্ষমতায় টিকে থাকা যাবে না।