গুগলের বিরুদ্ধে মামলা পেপ্যালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল মানিব্যাগের ধারণা চুরির অভিযোগে সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে মামলা করেছে অনলাইনে অর্থ আদান-প্রদানের প্রতিষ্ঠান পেপ্যাল। গুগল এই গ্রীষ্মেই যুক্তরাষ্ট্রে এই নতুন প্রযুক্তি চালু করার ঘোষণা দেওয়ার পর পরই পেপ্যাল এ পদক্ষেপ গ্রহণ করে।পেপ্যাল দাবি করেছে, তাদের সাবেক নির্বাহী সদস্য ওসামা বেদিয়েরের কাছ থেকে গুগল অন্যায্যভাবে তাদের ব্যবসায়িক গোপনীয়তা জেনে নিয়ে এই নতুন প্রযুক্তিটি কাজে লাগাতে চাচ্ছে। ওসামা বেদিয়েরকে গত জানুয়ারিতে নিজেদের প্রতিষ্ঠানে নিয়ে আসে গুগল। বেদিয়ের গুগলে যাওয়ার আগে পেপ্যালের সঙ্গে এ ধরনের প্রযুক্তি চালু করার কথাবার্তা শুরু করেছিলেন বলে অভিযোগ করেছে পেপ্যাল।তবে এখনো পর্যন্ত এ ব্যাপারে কিছু জানে না বলে দাবি করেছে গুগল। তাদের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা এখনো এই অভিযোগ সম্পর্কিত কোনো কাগজপত্র পাইনি। এবং এটা না দেখা পর্যন্ত আমরা কোনো মন্তব্য করব না।’এন্ড্রয়েড অপারেটিং পদ্ধতিতে পরিচালিত মোবাইল ফোন থেকে গ্রাহকেরা এই ডিজিটাল মানিব্যাগের সুবিধাটি কাজে লাগাতে পারবে এবং এর গ্রাহকেরা দোকানে গিয়ে মোবাইল দিয়েই বিভিন্ন জিনিস কিনতে পারবে বলে জানিয়েছিল গুগল। জাপানে ইতিমধ্যেই এই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। অচিরেই দুনিয়াব্যাপী এটা খুব জনপ্রিয় প্রযুক্তিতে পরিণত হবে বলে ধারণা করছেন অনেকে। বিবিসি অনলাইন।