গুছিয়ে আনার পর ভেস্তে গেল বেসরকারীকরণের উদ্যোগ
পুরো প্রক্রিয়া গুছিয়ে আনার পর শেষ মুহূর্তের এক সিদ্ধান্তে থমকে গেল সরকারি দুটি প্রতিষ্ঠানের বেসরকারীকরণ উদ্যোগ। টানা কয়েক বছর কাজ করে বেসরকারীকরণ কমিশন এই দুটি প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়াটি চূড়ান্ত করেছিল। কয়েক দফা দরপত্র আহ্বানের পর খুঁজে পাওয়া যায় প্রতিষ্ঠান দুটির আগ্রহী ক্রেতা। এরপর বেসরকারি মালিকদের হাতে হস্তান্তরের চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পাঠানো হয়। কিন্তু সেই বৈঠকে বেসরকারীকরণের পরিবর্তে প্রতিষ্ঠান দুটি সরকারের হাতে রেখে দেওয়ার সিদ্ধান্ত হয়। এভাবেই বেসরকারীকরণ কমিশনের দীর্ঘদিনের প্রচেষ্টায় গুছিয়ে আনা বেসরকারীকরণের পুরো প্রচেষ্টা ভেস্তে যাওয়ার পথে রয়েছে। জানা গেছে, গত ১৩ মার্চ অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে রাঙামাটি টেক্সটাইল মিলস এবং মাগুরা টেক্সটাইল মিলস বিক্রির সিদ্ধান্তের জন্য আলোচ্যসূচির অন্তর্ভুক্ত হয়। এর আগে কমিশন দরপত্রের মাধ্যমে মাগুরা টেক্সটাইল মিলস ৩১ কোটি টাকায় এবং রাঙামাটি টেক্সটাইল মিলস ২৯ কোটি ১০ লাখ টাকায় বিক্রির জন্য চূড়ান্ত করে। কমিশন সভায় তা অনুমোদনও করা হয়। কিন্তু ১৩ মার্চের অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মিল দুটি বেসরকারি খাতে বিক্রির পরিবর্তে সরকারিভাবে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য মিল দুটি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ফেরত নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বেসরকারীকরণ কমিশন সূত্রে জানা গেছে, মিল দুটি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ফেরত দেওয়ার বিষয়ে এখনো অবশ্য লিখিত কোনো নির্দেশনা আসেনি। প্রসঙ্গত, মিল দুটির মালিক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)। বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের ২৫টি প্রতিষ্ঠান বেসরকারীকরণের জন্য তালিকাভুক্ত হয়। এর মধ্যে উল্লিখিত দুটি প্রতিষ্ঠান বিক্রির জন্য চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা হয়। যদিও এই দুটি প্রতিষ্ঠানের বেসরকারীকরণের কার্যক্রম শুরু হয়েছিল বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়। বর্তমান কমিশন সেই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যায়। এ ছাড়া বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিক্রি হওয়া চারটি প্রতিষ্ঠান বর্তমান কমিশন এসে ক্রেতার হাতে হস্তান্তর করে।জানা গেছে, এই দুটি বস্ত্র কারখানায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য তা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করা হবে। এর আগে মিল দুটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ফেরত দিতে হবে। আইন অনুযায়ী, বেসরকারীকরণের জন্য হস্তান্তরিত প্রতিষ্ঠানকে সরকারের কাছে ফেরত নিতে হলে আগে সেগুলোকে বেসরকারীকরণের তালিকা থেকে বাদ দিতে হবে। এরপর মিলগুলোর মালিকানা বুঝে নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। পরে ওই মন্ত্রণালয় থেকে সেগুলো সরকারের অন্য প্রতিষ্ঠানে হস্তান্তর করা হবে।কমিশন সূত্র জানায়, বর্তমান সরকারের দায়িত্ব নিয়ে কমিশন পুনর্গঠনের পর মাগুরা ও রাঙামাটি টেক্সটাইল মিলস দুটি বেসরকারীকরণ প্রক্রিয়া চূড়ান্ত করে আনা হয়। এ ছাড়া একাধিক মন্ত্রণালয়ের সঙ্গে টানাপোড়েনের কারণে বর্তমান সরকারের শেষ দিকে এসে কমিশনের কর্মকাণ্ড বলতে গেলে স্থবির হয়ে পড়ে। কমিশন সূত্র জানায়, আটবার দরপত্র আহ্বান করে রাঙামাটি টেক্সটাইল মিলস এবং ১০ বার দরপত্র আহ্বানের পর মাগুরা টেক্সটাইলের জন্য ক্রেতা খুঁজে পাওয়া যায়। এর মধ্যে ২৮ কোটি ১০ লাখ টাকায় রাঙামাটি টেক্সটাইল মিলস কেনার জন্য সর্বোচ্চ দরপ্রস্তাব করে মেসার্স সাত্তার এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। পরে কমিশনের অনানুষ্ঠানিক অনুরোধে সাত্তার এন্টারপ্রাইজ এক কোটি টাকা বেশি দর দিতে রাজি হয়। এরপর সেটি গত বছরের সেপ্টেম্বরে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভার অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। ওই মাসের ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মিলটির জায়গা বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য বরাদ্দ দেওয়ার প্রস্তাব দেয় বিদ্যুৎ বিভাগ। মন্ত্রিসভা এ নিয়ে বিদ্যুৎ বিভাগ ও বেসরকারীকরণ কমিশনকে আলোচনা করে চূড়ান্ত প্রস্তাব তৈরির সিদ্ধান্ত দেয়। পরে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বেসরকারীকরণের জন্য হস্তান্তরিত মিল বিদ্যুৎ বিভাগের কাছে হস্তান্তরের আইনি কোনো বিধান নেই। তাই কমিশনের পক্ষ থেকে মিলটি আগ্রহী ক্রেতার কাছে বিক্রয়ের চূড়ান্ত অনুমোদন চেয়ে আবারও মন্ত্রিসভায় প্রস্তাব পাঠানো হয়।একইভাবে ১০ বার দরপত্র আহ্বানের পর মাগুরা টেক্সটাইল মিলটি সাড়ে ২৮ কোটি টাকায় কিনতে আগ্রহ দেখায় মেসার্স কবীর এন্টারপ্রাইজ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। সে অনুযায়ী বেসরকারীকরণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়। কিন্তু শেষ মুহূর্তে এসে পুরো প্রক্রিয়াটিই আবার থমকে যায়। এ বিষয়ে জানতে বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান মির্জা আবদুল জলিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কমিশনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, সরকারের হাতে এখন যে সময় রয়েছে, তাতে মিল দুটি ফেরত নিয়ে গিয়ে সেখানে নতুন করে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ মোটেই বাস্তবসম্মত নয়। কমিশনের তথ্য অনুযায়ী, ২৬ দশমিক ২৪ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত রাঙামাটি টেক্সটাইল মিলসের সম্পদের পরিমাণ প্রায় ৫৫ কোটি টাকা আর ১৬ দশমিক ১৭ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত মাগুরা টেক্সটাইল মিলসের সম্পদের পরিমাণ প্রায় ৬০ কোটি টাকা। এর বিপরীতে রাঙামাটি টেক্সটাইলের দেনার পরিমাণ ৬৪ কোটি ৬০ লাখ টাকা আর মাগুরা টেক্সটাইলের দেনার পরিমাণ ১০৯ কোটি ২৯ লাখ টাকা। বেসরকারীকরণ আইন অনুযায়ী, এই দায়দেনাও সরকারকে বহন করতে হবে।