গুজব মোকাবিলায় এসইসিকে সক্রিয় হতে হবে: রকিবুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার নিয়ে গুজব মোকাবিলায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি রকিবুর রহমান।আজ বুধবার ডিএসইর পরিচালনা পর্ষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রকিবুর রহমান এই আহ্বান জানান। এ সময় ডিএসইর সভাপতি শাকিল রিজভী ও পরিচালক আহমেদ রশিদ লালী উপস্থিত ছিলেন। রকিবুর রহমান বলেন, কয়েক দিন ধরে বাজারে বেশ কিছু গুজব ছড়িয়ে পড়ছিল, যা বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। আজকের পর্ষদ সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, এই মুহূর্তে এসইসির উচিত হবে, তাদের তথ্যপ্রবাহ আরও বাড়িয়ে দেওয়া। এসইসির মুখপাত্রকে আরও সক্রিয় হতে হবে। বাজারে কোনো গুজব থাকলে তা তাত্ক্ষণিকভাবে ব্যাখ্যা করতে হবে। কেননা, এ ধরনের গুজবের ওপর ভিত্তি করে অনেকে শেয়ার কিনে বা বেচে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সুতরাং, এসইসিকে এ অবস্থান থেকে সরে আসার কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন তিনি।ডিএসইর পরিচালক আহমেদ রশিদ লালী বলেন, সম্প্রতি অপ্রদর্শিত অর্থ-সংক্রান্ত গুজব বাজারে ছড়িয়ে পড়ায় বাজারে দরপতনের ঘটনা ঘটে। ফলে এনবিআরের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে ব্রিফিং করে বিষয়টি ব্যাখ্যা করা হয়।এ সময় দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে শঙ্কিত না হওয়ার পরামর্শ দেন ডিএসইর নেতারা। তাঁরা দাবি করেন, বিশ্বের সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। এ অবস্থায় জেনে, শুনে ও পরিসংখ্যান দেখে সবাইকে মন্তব্য করারও আহ্বান জানানো হয়।