গুজব যাচাইয়ে তথ্যকেন্দ্র করবে ডিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে প্রতিনিয়ত যে গুজব ছড়ানো হয়, সেসবের সত্য-মিথ্যা যাচাইয়ে আলাদা একটি তথ্যকেন্দ্র (ইনফরমেশন সেন্টার) করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এই তথ্যকেন্দ্র থেকে বিনিয়োগকারীরা টেলিফোনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে গুজবের সত্য-মিথ্যা যাচাই করতে পারবেন। গতকাল রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানিয়েছেন ডিএসইর সভাপতি রকিবুর রহমান।বৈঠকে এসইসির পক্ষে সংস্থাটির চেয়ারম্যান এম খায়রুল হোসেন, সদস্য আবদুস সালাম সিকদার, নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএসইর পক্ষে সংস্থাটির সভাপতি ছাড়াও ঊর্ধ্বতন সহসভাপতি আহমেদ রশীদ লালী, সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, পরিচালক আবদুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন। রকিবুর রহমান বলেন, ‘মাঝেমধ্যেই দেখা যাচ্ছে গুজব আমাদের বাজারকে গ্রাস করছে। বিনিয়োগকারীরাও এতে বিভ্রান্ত হচ্ছেন।’ এ জন্য তিনি গুজব ছড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত না করতে গুজব রটনাকারীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে গুজব ছড়িয়ে যারা প্রতিনিয়ত বাজারকে ক্ষতিগ্রস্ত করছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে ডিএসই ও এসইসি সচেষ্ট রয়েছে বলেও তিনি জানান।এসইসির সঙ্গে বৈঠকে ডিএসইর পক্ষ থেকে আগামী বাজেট সামনে রেখে একগুচ্ছ সুপারিশ তুলে ধরা হয়। বৈঠক শেষে এসব সুপারিশ সম্পর্কে আহমেদ রশীদ লালী সাংবাদিকদের জানান। আহমেদ রশীদ লালী আরও বলেন, ডিএসইর এসব সুপারিশ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অর্থ মন্ত্রণালয়েও জমা দেওয়া হবে।