গুজবে শেষ সময়ে চাঙা মিউচুয়াল ফান্ড
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠানগুলোর লেনদেনে চাঙাভাব দেখা গেছে। শুরুতে দরপতনের মধ্য দিয়ে লেনদেন চললেও শেষ সময়ে প্রায় সব মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়ে। এমনকি লেনদেনের শেষ আধা ঘণ্টায় অধিকাংশ মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম সার্কিট ব্রেকারে পৌঁছায়।হঠাত্ করে মিউচুয়াল ফান্ড খাতের দাম বাড়াকে অনেকটা অস্বাভাবিক হিসেবে দেখছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, একটি চক্র গুজব ছড়িয়ে মিউচুয়াল ফান্ডগুলোর দাম বাড়াচ্ছে। আর সাধারণ বিনিয়োগকারীরা ওই সব গুজব শুনে ইউনিট কিনছেন। এতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে যায়।এসইসি সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ৪৪৪তম কমিশন সভায় ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১’-এর সংশোধনী অনুমোদন করা হয়। পরে এই সংশোধনী জনমত যাচাইয়ের জন্য এসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। গতকাল ছিল জনমত জমা দেওয়ার শেষ দিন।সংশোধিত ওই বিধিমালার জনমতে অধিকাংশ মতামত এসইসির পক্ষে (প্রস্তাবিত বিধির ৯ নম্বরে বর্ণিত লভ্যাংশ বিতরণের পক্ষে) এসেছে—এমন খবর বাজারে ছড়িয়ে পড়ে। আর এরই প্রভাবে শেষ সময়ে প্রায় সব কটি মিউচুয়াল ফান্ডের ইউনিট মূল্যবৃদ্ধির সর্বোচ্চ সীমা, অর্থাত্ সার্কিট ব্রেকারে পৌঁছে যায়। পরে অবশ্য কয়েকটির দাম কিছুটা কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইতে মূল্যবৃদ্ধিতে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানই মিউচুয়াল ফান্ড খাতের। এ ছাড়া দর বাড়ার তালিকার প্রথম ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে সব কটিই মিউচুয়াল ফান্ড।দিনের লেনদেন শেষে দাম বাড়ার সর্বোচ্চ সীমা, অর্থাত্ সার্কিট ব্রেকার স্পর্শ করা মিউচুয়াল ফান্ডগুলো হলো: ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ১, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এ ছাড়া ১৯টি মিউচুয়াল ফান্ডের দাম নয় শতাংশের বেশি এবং পাঁচটি মিউচুয়াল ফান্ডের দাম আট শতাংশের বেশি বেড়েছে।এ বিষয়ে জানতে চাইলে এইমস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সাঈদ প্রথম আলো ডটকমকে বলেন, আজ হঠাত্ করে মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠানগুলোর দাম বাড়ার বিষয়টি অস্বাভাবিক। গতকাল মিউচুয়াল ফান্ড বিধিমালার সংশোধনীর জনমত যাচাই শেষ হয়েছে। যেসব জনমত পড়েছে, তা এসইসি যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ ক্ষেত্রে এটি সম্পন্ন হতে তিন থেকে চার মাস সময় লাগবে।ইয়াওয়ার সাঈদ আরও বলেন, মিউচুয়াল ফান্ড বিধিমালার সংশোধনী নিয়ে বাজারে গুজব ছড়ানো হচ্ছে। একশ্রেণীর লোক গুজব ছড়িয়ে এই খাতের প্রতিষ্ঠানগুলোর দাম বাড়িয়ে নিজেদের হাতে থাকা ইউনিট বিক্রি করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম প্রকৃত সম্পদমূল্য বা এনএভির কাছাকাছি হওয়া উচিত। এর বাইরে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, মিউচুয়াল ফান্ড বিধিমালার জনমত যাচাই গতকাল রোববার শেষ হয়েছে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন তিনি।