গুজরাটে একটি টেক্সটাইল পার্ক করবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের গুজরাট রাজ্যে একটি টেক্সটাইল পার্ক স্থাপন করবেন। রাজ্যটির বড় শহর আহমেদাবাদের পাশের মেহসানা জেলার কাদি এলাকায় গড়ে তোলা হবে এ বস্ত্র শিল্পপার্ক।
প্রকল্পটিতে প্রাথমিকভাবে ২৪০-৩০০ কোটি রুপি বিনিয়োগ করা হবে। এ জন্য বাংলাদেশের ব্যবসায়ীরা ইতিমধ্যে গুজরাটের রাজ্য সরকারের কাছে ১০০ একর জমি চেয়েছে।
টাইমস অব ইন্ডিয়া গতকাল মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে। এতে গুজরাট সরকারের শিল্প কমিশনার মমতা ভার্মার বরাত দিয়ে বলা হয়েছে, ‘বাংলাদেশ প্রাথমিকভাবে সুতা উৎপাদনে বিনিয়োগ করতে চায়। পরে এর সঙ্গে তৈরি পোশাক যোগ হতে পারে।’
বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, তৈরি পোশাকশিল্প মালিকদের সমিতি বিজিএমইএ ও বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল গত আগস্ট মাসে গুজরাট সফর করে। তার আগে গত ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুদিনের এক সফরে বাংলাদেশে আসেন। পরদিন ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে মোদির কাছে পোশাক পণ্যের গুদাম ও বিতরণকেন্দ্র স্থাপনে গুজরাটে ৫০ বিঘা জমি বরাদ্দ চান বিজিএমইএর তৎকালীন সভাপতি আতিকুল ইসলাম। এতে ভারতের প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব দেখান।
ভারতের বস্ত্র ও পোশাক খাতের পরামর্শক প্রতিষ্ঠান দিয়াগনাল কনসালটিং ইন্ডিয়ার চেয়ারম্যান আরপি রায় টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘সুতা উৎপাদনের জন্য প্রণোদনা দিতে সহায়তামূলক বস্ত্রনীতি হাতে নিয়েছে রাজ্য সরকার। আর গ্যাস-বিদ্যুৎ ও তুলার পর্যাপ্ততার সুবাদে অনেক প্রতিষ্ঠানই এখানে সুতা তৈরির কারখানা স্থাপন করেছে।’
প্রতিবেদনটিতে আরও বলা হয়, বাংলাদেশ বছরে প্রায় ৫৫ লাখ বেল তুলা আমদানি করে। এর ৭০ শতাংশই নেয় ভারত থেকে। তবে গুজরাট থেকেই সবচেয়ে বেশি তুলা নেওয়া হয়। গুজরাট হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম তুলা উৎপাদনকারী রাজ্য।
এদিকে গত রাতে জানতে চাইলে বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গুজরাটে আমরা তৈরি পোশাকের কারখানা করতে চাই। একই সঙ্গে থাকবে পণ্যের গুদামও। তবে সুতা উৎপাদনের পরিকল্পনা আপাতত নেই। কারণ, সেখানে সুতা উৎপাদনের কারখানা তো আছেই। সেটিই আমরা কাজে লাগাব।’