>প্রাথমিকভাবে বেশ কিছু স্পিনিং ও তৈরি পোশাক কারখানা করতে চান বাংলাদেশের ব্যবসায়ীরা। পাশাপাশি থাকবে পণ্যের গুদাম ও বিতরণকেন্দ্র। ভারতের তুলা ব্যবহার করে স্পিনিং কারখানায় সুতা তৈরি করে বাংলাদেশে রপ্তানি হবে
জমির দাম তুলনামূলক সস্তা। গ্যাস-বিদ্যুতের সমস্যা নেই। শ্রমিক পর্যাপ্ত আছে। কাছাকাছি আছে বন্দরসুবিধা। প্রশাসনের কর্মকর্তারাও বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাতে আগ্রহী। সব মিলিয়ে ভারতের গুজরাটে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সবকিছুই অনুকূলে। এখন কেবল চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
ভারত সরকারের আমন্ত্রণে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করতে গুজরাট সফরে যায় ব্যবসায়ীদের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। তিন দিনের সফর শেষে গতকাল বুধবার বিকেলে দেশে ফিরে এসব তথ্য জানিয়েছেন দলের একাধিক সদস্য। তাঁরা জানান, গুজরাট রাজ্যের আহমেদাবাদ জেলায় সরেজমিনে শিল্প প্লট দেখার পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিধিদলের বৈঠক হয়।
প্রতিনিধিদলটি গত শনিবার দিল্লি হয়ে আহমেদাবাদে পৌঁছায়। এতে ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম, পরিচালক মোহাম্মদ নাসির ও সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান এবং বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী আলী। এফবিসিসিআইয়ের সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের এই সফরে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি যাননি।
খোঁজ নিয়ে জানা যায়, আহমেদাবাদের পাশের জেলা গান্ধীনগরে সরকারি সংস্থা ইন্ডাস্ট্রিয়াল এক্সটেনশন ব্যুরোর কার্যালয়ে গত রোববার বাংলাদেশের ব্যবসায়ীদের প্রতিনিধিদলটি প্রথম বৈঠক করে। এতে রাজ্য সরকারের অতিরিক্ত প্রধান সচিব (শিল্প ও খনি) শ্রী অরভিন্দ আগারওয়াল, ইন্ডাস্ট্রিয়াল কমিশনার মমতা ভার্মা ছাড়া ভূমি, বন্দর, শ্রম ও ইন্ডাস্ট্রিয়াল এক্সটেনশন ব্যুরোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরদিন রোববার আহমেদাবাদে সানান্দ স্পেশাল ইকোনমিক জোনে শিল্প প্লট দেখতে যান ব্যবসায়ীরা।
গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশনের (জিআইডিসি) আওতাধীন এই শিল্পপার্কে স্পিনিং কারখানার জন্য ২৫ একর এবং পোশাক কারখানার জন্য ২০ একর সমপরিমাণ জমির প্লট দেখেন প্রতিনিধিদলের সদস্যরা। প্রস্তুত করা এসব প্লটে শিল্প-কারখানা স্থাপনের জন্য গ্যাস-বিদ্যুৎসহ সব সুবিধাই আছে। এই শিল্পপার্কের পাশেই টাটা ও ফোর্ড গাড়ির কারখানা। পরে আহমেদাবাদেই জিন্দাল গ্রুপের আমিতারা গ্রিন হাইটেক পার্কের শিল্প প্লট পরিদর্শন করেন তাঁরা। এখানে দেড় শ একর জমি আছে। তবে এগুলো উন্নয়নের কাজ চলছে। এ ছাড়া ভীরাজ গ্রুপের ধলী ইন্ডাস্ট্রিয়াল পার্ক ঘুরে দেখেন তাঁরা। সেখানে আছে ১০ একর জমি।
জানতে চাইলে শহিদউল্লাহ আজিম বলেন, ‘তিনটি শিল্পপার্কেই গ্যাস-বিদ্যুতের সুব্যবস্থা আছে। ১৫০ কিলোমিটারের মধ্যেই আছে মুনদ্রা সমুদ্র বন্দর। তবে জিআইডিসির শিল্পপার্ক সবদিক থেকে আমাদের পছন্দ হয়েছে। কারণ, আগামীকাল কারখানা স্থাপন করতে চাইলেও সেখানে করা সম্ভব। প্রতি বর্গমিটার জমির দাম সাড়ে তিন হাজার রুপি। সে তুলনায় আমিতারায় জমির দাম কম, ২ হাজার ১০০ রুপি। তবে প্রস্তুত হতে সময় লাগবে।’
প্রতিনিধিদলের সদস্যরা জানান, গুজরাটে প্রাথমিকভাবে বেশ কিছু স্পিনিং ও তৈরি পোশাক কারখানা করতে চান বাংলাদেশের ব্যবসায়ীরা। পাশাপাশি থাকবে পণ্যের গুদাম ও বিতরণকেন্দ্র। ভারতের তুলা ব্যবহার করে স্পিনিং কারখানায় সুতা তৈরি করে বাংলাদেশে রপ্তানি হবে। অন্যদিকে ভারত থেকে কাপড় কিনে সেখানকার কারখানায় পোশাক তৈরি করে সে দেশের ব্যবসায়ীদের সরবরাহ করা হবে। রপ্তানিও হতে পারে।
শহিদউল্লাহ আজিম আরও জানান, রাজ্য সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেড ইউনিয়ন করার বাধ্যবাধকতা নেই। তবে শ্রমিকদের এক বছরের চুক্তিতে নিয়োগ করতে হবে। আর সেখানে ডাইং কারখানা করা যাবে না। তিনি বলেন, ‘আমরা দীর্ঘ সময়ের জন্যই বিনিয়োগ করব। তাই চুক্তিতে সমস্যা নেই। অন্যদিকে ভারত থেকেই কাপড় কিনে আমরা পোশাক তৈরি করব। তাতে ডাইং করার কোনো ঝামেলা নেই।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ৬ জুন দুই দিনের সফরে বাংলাদেশে আসেন। পরদিন ব্যবসায়ীদের সঙ্গে সোনারগাঁও হোটেলে বৈঠক করেন তিনি। এতে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম মোদির কাছে তাঁর দেশে পোশাকপণ্যের গুদাম ও বিতরণকেন্দ্র স্থাপনে গুজরাটে ৫০ বিঘা জমি বরাদ্দ চান। এ ছাড়া এক হাজারটি বিক্রয়কেন্দ্র স্থাপনে আগ্রহ প্রকাশ করেন সভাপতি। ভারতের প্রধানমন্ত্রী প্রস্তাব পেয়ে প্রাথমিকভাবে ইতিবাচক মনোভাব দেখান। এরই ধারাবাহিকতায় ভারত সরকারের আমন্ত্রণে গুজরাট সফরে যান ব্যবসায়ীরা।
বিজিএমইএর নেতারা জানান, পণ্যের গুদাম ও বিতরণকেন্দ্র স্থাপনের জন্য ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। বিজিএমইএ, বিকেএমইএ এবং অন্যদের নিয়ে গঠন করা হবে একটি কোম্পানি। এসব হলে কয়েক বছরের মধ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ কোটি ডলার বাড়বে বলে মনে করেন তাঁরা।
জানতে চাইলে বিজিএমইএর পরিচালক মোহাম্মদ নাসির বলেন, ‘গুজরাট সরকারের কর্মকর্তারা বিনিয়োগের বিষয়ে খুবই ইতিবাচক ও আন্তরিক মনোভাব দেখিয়েছেন। তবে বিনিয়োগ হবে কি না, সেটি আরও যাচাই-বাছাই করতে হবে। হয়তো আবারও সেখানে যেতে হবে। সে ক্ষেত্রে অনেক সময় লাগবে।’ অন্যদিকে শহিদউল্লাহ আজিম বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করে পরবর্তী উদ্যোগ নেওয়া হবে।