চট্টগ্রামে সাপ্তাহিক চায়ের নিলাম বাজারে বেচাকেনা শুরু হলেও ওয়্যারহাউসে জায়গা না থাকায় চা পাঠানো যাচ্ছে না। ফলে ভরা মৌসুমে মৌলভীবাজারের ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের বিভিন্ন বাগানের কর্তৃপক্ষ উ ৎ কণ্ঠায় পড়েছে। এসব বাগানে প্রক্রিয়াজাত চায়ের মজুদ বাড়ছে। সেখানে সংরক্ষণেরও পর্যাপ্ত ব্যবস্থা নেই। মজুদ চায়ের গুণগত মান নষ্ট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চা-বাগানসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার চট্টগ্রামে চায়ের নিলাম অনুষ্ঠিত হয়। নিলামমূল্যের ওপর অতিরিক্ত ৫ শতাংশ করারোপ করায় গত জুলাই মাসের শেষ সপ্তাহের বাজার থেকে (২৭ জুলাই) ব্যবসায়ীরা চা কেনা বন্ধ করে দেন। পরে সরকার এক মাসের জন্য করারোপের প্রক্রিয়া স্থগিত করে। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার থেকে নিলাম বাজার আবার শুরু হয়।সূত্র জানায়, মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় ছোট-বড় অর্ধশতাধিক চা-বাগান আছে। বছরের আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাস চা প্রক্রিয়াজাতকরণের ভরা মৌসুম। এসব চা চট্টগ্রামের নিলাম বাজারে প্রত্যেক সপ্তাহে পাঠানো হয়।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন বাগানে চা প্রক্রিয়াজাতকরণের কাজ চলছে। হাজার হাজার কেজি প্রক্রিয়াজাত চা কারখানার অভ্যন্তরে মেঝেতে ফেলে রাখা হয়েছে। চট্টগ্রামে পাঠানোর জন্য কিছু চা প্লাস্টিকের বস্তায় ভরে মজুদ করে রাখা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে জুড়ী উপজেলার একটি চা-বাগানের ব্যবস্থাপক বলেন, ‘প্রতিদিন গড়ে তিন-চার হাজার কেজি চা প্রক্রিয়াজাতকরণ হচ্ছে। কিন্তু নিলাম বাজার বন্ধ থাকার পর চালু হলেও চট্টগ্রাম বন্ডেড ওয়্যারহাউসগুলোতে জায়গা না থাকায় চিন্তিত বলে তিনি জানান।কুলাউড়ার আরেকটি চা-বাগানের সহকারী ব্যবস্থাপক বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের বাগানগুলোতে সমস্যা বেশি হচ্ছে। এসব বাগানে চা মজুদ রাখার পর্যাপ্ত জায়গা নেই। ’বড়লেখার একটি চা-বাগানের ব্যবস্থাপক বলেন, ‘বাতাসে এখন আর্দ্রতা বেশি। এ অবস্থায় সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত চা মজুদ রাখা যাবে। সময় গড়ালে চায়ের মধ্যে ছত্রাক পড়তে পারে। নির্যাস নষ্ট হতে পারে। তখন গুণগত মান টেকানো কঠিন হয়ে পড়বে। এ ক্ষেত্রে সঠিক বাজারমূল্য পাওয়া যাবে না।’নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রামের এক ব্রোকার মুঠোফোনে বলেন, গত মঙ্গলবার নিলাম বাজারে চা বেশি বেচাকেনা হবে আমরা আশা করেছিলাম। কিন্তু বাস্তবে সেটা ঘটেনি। আগের মজুদ করা চা-ই বিক্রি করা সম্ভব হয়নি বলে তিনি জানান।চা-মালিকদের সংগঠন বাংলাদেশীয় চা সংসদের জুড়ী ভ্যালির চেয়ারম্যান ও বড়লেখার রশীদাবাদ চা-বাগানের ব্যবস্থাপক এনায়েত হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, চা বিক্রি করে বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের সাপ্তাহিক মজুরি দেয়। এ ছাড়া ব্যাংকের ঋণের টাকা সমন্বয় করে। চায়ের বেচাকেনা না বাড়লে বাগান কর্তৃপক্ষ বড় ধরনের সমস্যায় পড়ে যাবে।