গুরুত্ব সমাজকেন্দ্রিক বিপণনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকেন্দ্রিক বিপণন এবং আগামী দিনের বিপণন কিংবা ভবিষ্যৎ বিপণন—এই দুটি বিষয় এক করতে পারলেই বিপণনের মাধ্যমে উন্নত বিশ্ব গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করে বিশ্ব বিপণন সম্মেলন (ওয়ার্ল্ড মার্কেটিং সামিট)।বিশ্বব্যাপী বিপণনশাস্ত্রের গুরু হিসেবে খ্যাত ফিলিপ কটলারসহ অন্য বিপণন বিশেষজ্ঞরা এখন বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা চালিয়ে যাচ্ছেন। ফিলিপ কটলারের আগামী দিনের বিপণনের ধারণাটির মূল কথা হলো: বিপণন শুধু ব্যবসাসংক্রান্ত সমস্যা সমাধানে ব্যবহূত হবে না, বরং সামাজিক বিভিন্ন ক্ষেত্রেও কৌশলগতভাবে এটিকে কাজে লাগানো হবে।সমাজকেন্দ্রিক বিপণনের এই উদ্দেশ্য মাথায় রেখেই বিশ্ব বিপণন সম্মেলনের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে রাখা হয়েছে ইনকিউবেটর। এটি মূলত গবেষণা পরিচালনার জন্য কাজ করবে। আয়োজকেরা জানান, সম্মেলনে বেশি জোর দেওয়া হবে সমাজকেন্দ্রিক বিপণনে।বিপণনের মাধ্যমে উন্নত বিশ্ব গড়ে তোলার লক্ষ্য নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে প্রথম বিশ্ব বিপণন সম্মেলন। চলবে আগামী তিন দিন।ইনকিউবেটর কী? এর ধারণা মেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উপদেষ্টা সৈয়দ ফারহাত আনোয়ারের আলোচনায়। তিনি বলেন, সমাজকেন্দ্রিক বিপণন ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে ব্যবসায়িক মডেল উদ্ভাবন করা হয়েছে, সেটাই হচ্ছে ইনকিউবেটর। এই ইনকিউবেটর মডেলের উদ্ভাবক সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত কটলার সেন্টার ফর মার্কেটিং এক্সিলেন্স (কেসিএমই)। বিপণনের নৈতিকতা (মার্কেটিং ইথোস) দিয়ে কীভাবে সামাজিক বিভিন্ন সমস্যার সমাধান করা যায়, সে বিষয়েই কাজ করা হয় ইনকিউবেটর মডেলের মাধ্যমে।এবারের বিশ্ব বিপণন সম্মেলনে পাঁচটি ইনকিউবেটর বিষয় নির্বাচন করা হয়েছে। এগুলো হলো: খাদ্যনিরাপত্তা ও অনুকূল ভোগ, জীবিকা অর্জনের উপায় হিসেবে উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্যসেবার সুযোগ, বর্জ্য কমানো ও তার ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ বিপণন।আয়োজকেরা জানান, ‘খাদ্য নিরাপত্তা ও অনুকূল ভোগ’—এই বিষয়টি নিয়ে পরীক্ষামূলকভাবে গবেষণা ও মাঠপর্যায়ে কাজ হবে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে। ‘জীবিকা অর্জনের উপায় হিসেবে উপযুক্ত শিক্ষা’ নিয়ে কাজ হবে বাংলাদেশ ও চীনে। ‘স্বাস্থ্যসেবার সুযোগ’ নিয়ে কাজ হবে বাংলাদেশ ও ভারতে। যুক্তরাজ্য ও ব্রাজিলে কাজ হবে ‘বর্জ্য কমানো ও তার ব্যবস্থাপনা’ নিয়ে। আর ‘ভবিষ্যৎ বিপণন’ নিয়ে কাজ হবে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, লেবানন ও জার্মানিতে।আয়োজকেরা বলছেন, সাতটি ইনকিউবেটর দল এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। ইনকিউবেটর দলগুলো প্রথমে ওই বিষয়ের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করবে। একই সঙ্গে চাহিদার কারণ নিরূপণ, চাহিদা সৃষ্টি ও চাহিদা ব্যবস্থাপনা—বিপণনের এই প্রধান তিনটি ধারণার ভিত্তিতে কাজ করবে। প্রতিটি ইনকিউবেটর তাত্ত্বিক ও প্রায়োগিক দুই ধরনের কাজ করবে। প্রতিটি বিষয়ে দুটি মাঠপর্যায়ের ইনকিউবেটর থাকবে। আর একটি ইনকিউবেটর তাদের কাজের তদারকি করবে। এই তদারকি ইনকিউবেটর ধারণা তৈরি এবং মাঠপর্যায়ের কাজ সম্পর্কে সহায়তা করবে যেন একটি অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) মডেল তৈরি করবে। কোনো ইনকিউবেটর যে মডেল তৈরি করবে সেটা তাদের নিজেদের তৈরি মডেল হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত হবে।বিপণন সম্মেলন আয়োজনের সঙ্গে জড়িত বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, আগ্রহী দেশের একটি বিশ্ববিদ্যালয় ইনকিউবেটর হিসেবে কাজ করবে। এসব ইনকিউবেটর একটি ধারণা নিয়ে বিপণনের প্রেক্ষাপট থেকে এক বছর কাজ করবে। সেটা তদারকি করবে আরেকটি ইনকিউবেটর। পরীক্ষামূলক এ কাজের ফলাফল আগামী বিপণন সম্মেলনে উপস্থাপন করা হবে। পরে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশে এসব মডেল ব্যবহূত হতে পারে। তিনি জানান, সবগুলো ইনকিউবেটরের সমন্বয়কারী হিসেবে কাজ করবে বাংলাদেশ।