দ্রুত স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা
গুলশান হামলার ঘটনায় ঢাকা চেম্বারের শোক
ঢাকার গুলশানে জঙ্গি হামলার ঘটনায় গভীর শোক ও নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ডিসিসিআই।
সংগঠনটি আশা প্রকাশ করেছে, সরকার অর্থনীতির স্বার্থে এ হত্যাকাণ্ডের বিষয়ে দ্রুতই একটি স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে, যাতে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগে আস্থার অভাব না হয়।
ঢাকা চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গুলশান হামলাকারীদের পথভ্রষ্ট জঙ্গি হিসেবে উল্লেখ করা হয়। গতকাল সোমবার পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের জঘন্য হত্যাকাণ্ড মানবতাবিরোধী। মুসলিম-অধ্যুষিত জাতি হিসেবে আমরা বাংলাদেশিরা মনে করি, এ ধরনের পাশবিক কর্মকাণ্ড আমাদের ইতিবাচক ভাবমূর্তি ও দীর্ঘদিনের সংস্কৃতি ধ্বংস করছে।
বিজ্ঞপ্তিতে এ ঘটনার পেছনে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় ঢাকা চেম্বার। এতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের পেছনের শক্তি, যারা সমাজের যুবসমাজকে মগজ ধোলাইয়ের মাধ্যমে ভুল পথে পরিচালিত করছে, তাদের চিহ্নিত করার লক্ষ্যে সমাজের সর্বস্তরের জনগণকে সুসংগঠিত করার জন্য ডিসিসিআই আহ্বান জানাচ্ছে।
গত শুক্রবার রাতে গুলশানের একটি রেস্তোরাঁয় জঙ্গিরা হামলা করে ২০ জন জিম্মিকে হত্যা করে, যাঁদের মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক। এ ঘটনায় দুজন পুলিশ কর্মকর্তাও নিহত হন।