গুলশানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫০তম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ২৬ গুলশান এভিনিউতে গতকাল মঙ্গলবার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ৫০তম শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, দেশের প্রথম অর্থসচিব এম মতিউল ইসলাম, ব্যাংকের পরিচালক এম এ রউফ, মো. আবদুল মালেক, রাশেদ চৌধুরী, ইয়াসমিন হক ও মো. ওয়াকিলউদ্দিন এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান কে মাহমুদ সাত্তার উপস্থিত ছিলেন। এ ছাড়া এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খান, ঊর্ধ্বতন কর্মকর্তা, অন্যান্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীসহ গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।স্যামসন এইচ চৌধুরী বলেন, এমটিবি ইতিমধ্যে তার সেবা, প্রযুক্তি, মানবসম্পদ ও পণ্যের মান উন্নত করতে সমর্থ হয়েছে এবং এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, ব্যাংকটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং দেশের প্রথম শ্রেণীর ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।আনিস এ খান বলেন, এমটিবি উপযুক্ত ব্যাংকিং পণ্যের মাধ্যমে ব্যাংকের নানা শ্রেণীর গ্রাহককে সেবা দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র ও স্থানগুলোতে শাখা খুলবে। বিজ্ঞপ্তি।