গুসি শান্তি পুরস্কার নিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানিলায় আন্তর্জাতিক গুসি শান্তি পুরস্কার নিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান
ম্যানিলায় আন্তর্জাতিক গুসি শান্তি পুরস্কার নিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান

সম্মানজনক গুসি শান্তি পুরস্কার নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে গতকাল বুধবার তিনি এ পুরস্কার নেন। স্থানীয় সময় বিকেল পাঁচটায় বিশ্বের আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তিকে এ পুরস্কার দেওয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দারিদ্র্য কমিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখায় ‘দরিদ্র জনগোষ্ঠীর অর্থনীতিবিদ’ হিসেবে আতিউর রহমানকে এ সম্মানজনক পুরস্কারের জন্য মনোনীত করে ম্যানিলাভিত্তিক দাতব্যপ্রতিষ্ঠান গুসি ফাউন্ডেশন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে গেরিলাযুদ্ধে অংশ নেওয়া ক্যাপ্টেন জেনেমিয়ানো জাভিয়ের গুসির নামে এ পুরস্কারের নাম রাখা হয়েছে। বিশ্বজুড়ে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছেন এমন ব্যক্তিদের ২০০২ সাল থেকে সম্মানিত করে আসছে গুসি ফাউন্ডেশন।
এবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে অস্ট্রিয়া, চীন, কঙ্গো, জার্মানি, ভারত, ইরান, ইতালি, জাপান, লিথুনিয়া, নেপাল, নেদারল্যান্ডস, ফিলিপাইন, পোল্যান্ড ও সৌদি আরবের মোট ১৫ জনকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
আতিউর রহমান গুসি শান্তি পুরস্কার পাওয়া দ্বিতীয় বাংলাদেশি। ২০১৩ সালে দারিদ্র্য দূরীকরণ ও মানবিক কার্যক্রমে অবদান রাখায় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব রুরাল পুওরের (ডিওআরপি) মহাসচিব এ এইচ এম নোমান এ পুরস্কার পান।
পুরস্কার নেওয়ার পর অনুভূতি প্রকাশ করে গভর্নর বলেন, ‘এ পুরস্কার আমার একার নয়, আমি যাদের জন্য কাজ করি এবং যাদের নিয়ে কাজ করি তাদের সবাই এর অংশীদার। ’ বিজ্ঞপ্তি