গুসি শান্তি পুরস্কার পেলেন গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতিউর রহমান
আতিউর রহমান

গরিবদের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ বছর ফিলিপাইনের গুসি শান্তি পুরস্কার পেয়েছেন। ২৬ নভেম্বর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এক অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখায় গভর্নরের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের আরও ১৪ জন ব্যক্তি এ পুরস্কার পাচ্ছেন। আতিউর রহমান এর আগে মানব উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার স্বীকৃতি হিসেবে ইন্দিরা গান্ধী স্বর্ণপদকসহ বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল বৃহস্পতিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গুসি শান্তি পুরস্কার প্রদান কমিটি আতিউর রহমানকে এ পুরস্কারের জন্য মনোনীত করার কারণ হিসেবে বলেছে, এ পুরস্কার ‘গরিবের অর্থনীতিবিদ’ হিসেবে কাজ করার স্বীকৃতি। এর আগে দারিদ্র্য বিমোচন ও মানব উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওরের (ডরপ) প্রতিষ্ঠাতা এবং মহাসচিব এ এইচ এম নোমান ২০১৩ সালে এ পুরস্কার পান।
নিজস্ব প্রতিবেদক